• ঢাকা
  • |
  • রবিবার ১১ই শ্রাবণ ১৪৩৩ সকাল ১০:৩৩:২৬ (26-Jul-2026)
  • - ৩৩° সে:
জার্মানিতে দ্রুত গতির গাড়ি হামলায় নিহত ১, আহত ১৬

জার্মানিতে দ্রুত গতির গাড়ি হামলায় নিহত ১, আহত ১৬

আন্তর্জাতিক ডেস্ক: জার্মানির রাজধানী বার্লিনে সমকামীদের উৎসব ‘প্রাইড প্যারেড’ চলাকালীন একটি দ্রুত গতির গাড়ি ভিড়ের মধ্যে ঢুকে পড়ার ঘটনায় অন্তত একজন নিহত হয়েছেন।এই মর্মান্তিক ঘটনায় আরও অন্তত ১৬ জন আহত হয়েছেন, যাদের অনেকের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে স্থানীয় পুলিশ।২৫ জুলাই শনিবার রাতে শহরের কেন্দ্রীয় টিয়ারগার্টেন পার্কে এই দুর্ঘটনাটি ঘটে, যা ইউরোপের অন্যতম বৃহৎ এলজিবিটিকিউ উদযাপনের অংশ ছিল।পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িত এক বা একাধিক সন্দেহভাজনকে খুঁজতে অভিযান চালানো হচ্ছে।নিহত একজনের পরিচয় এখনও প্রকাশ করা হয়নি। আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে। একই সঙ্গে স্বজনদের জন্য একটি বিশেষ হটলাইন চালু করা হয়েছে।প্রত্যক্ষদর্শীদের বরাতে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, একটি সাদা ভ্যান দ্রুতগতিতে প্রাইড অনুষ্ঠানে অংশ নেওয়া মানুষের ভিড়ের মধ্যে ঢুকে পড়ে। এ সময় চারদিকে চিৎকার-আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকেই প্রাণ বাঁচাতে দৌড়ে পাশের টিয়ারগার্টেন পার্কে আশ্রয় নেওয়ার চেষ্টা করেন।বার্লিনার সাইটুং–এর প্রতিবেদক ইভা ব্রাউনগার্ট, যিনি অনুষ্ঠানস্থলে উপস্থিত ছিলেন তবে ঘটনার আগেই সেখান থেকে চলে যান, বিবিসিকে বলেন, প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন গাড়িটি অত্যন্ত দ্রুতগতিতে জনতার দিকে ছুটে আসে। এরপরই চিৎকার, হুড়োহুড়ি ও আতঙ্কের সৃষ্টি হয়।ঘটনার পর পুলিশ টিয়ারগার্টেন পার্ক ও আশপাশের এলাকা ঘিরে ফেলে। ব্রান্ডেনবুর্গ গেটসংলগ্ন এলাকায় অসংখ্য পুলিশ, ফায়ার সার্ভিস ও জরুরি চিকিৎসাসেবা কর্মী মোতায়েন করা হয়। সাইরেনের শব্দে পুরো এলাকা প্রকম্পিত হয়ে ওঠে।ঘটনার জেরে বার্লিন প্রাইড প্যারেড বাতিল করা হয়েছে। আয়োজকেরা সামাজিক যোগাযোগমাধ্যম এবং অনুষ্ঠানস্থলের বড় পর্দার মাধ্যমে অংশগ্রহণকারীদের শান্তভাবে এলাকা ত্যাগ করার আহ্বান জানান।পুলিশ জানিয়েছে, ঘটনার কারণ এবং এটি ইচ্ছাকৃত হামলা কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এ বিষয়ে বিস্তারিত কিছু জানানো সম্ভব নয়।সূত্র: নিউজ ২৪