ইরান তেল বিক্রি করতে না পারলে, এ অঞ্চলের কেউ পারবে না: গালিবাফ
আন্তর্জাতিক ডেস্ক: ইরান তেল বিক্রি করতে না পারলে এ অঞ্চলের অন্য কোনো দেশও তেল বিক্রি করতে পারবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ।২৮ আগস্ট শুক্রবার ইরানের মেহর নিউজ এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।মার্কিন সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) কমান্ডার অ্যাডমিরাল ব্র্যাড কুপার সম্প্রতি দাবি করেন, মার্কিন বাহিনী হরমুজ প্রণালীর পূর্ণ নিয়ন্ত্রণ নিয়েছে এবং ইরানের তেল রপ্তানি বন্ধ করে দিয়েছে। এর পরিপ্রেক্ষিতে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে আগে দেওয়া একটি বক্তব্য পুনরায় প্রকাশ করেন গালিবাফ।গালিবাফ বলেন, “এই যুদ্ধের সমীকরণ অত্যন্ত স্পষ্ট—হয় সবাই তেল বিক্রি করবে, নয়তো কেউ পারবে না। যে অঞ্চলে আমরা তেল বিক্রি করতে পারব না, সেখানে অন্য কারও পক্ষে তেল বিক্রি করা সম্ভব হবে না।”হরমুজ প্রণালীর নিরাপত্তা মার্কিন বাহিনীর উপস্থিতির ওপর নির্ভর করে না বলেও মন্তব্য করেন তিনি। গালিবাফ সতর্ক করে বলেন, “যদি আমাদের নিরাপত্তা নিশ্চিত করা না হয়, তবে এ অঞ্চলের কোনো অবকাঠামোই নিরাপদ থাকবে না।”বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ হরমুজ প্রণালী দিয়ে বিপুল পরিমাণ অপরিশোধিত তেল ও জ্বালানি পণ্য আন্তর্জাতিক বাজারে পরিবহন করা হয়। ফলে এ পথে চলাচল ব্যাহত হলে বৈশ্বিক জ্বালানি সরবরাহ ও দামের ওপর প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে।