• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বিকাল ০৫:৩২:২০ (24-Nov-2026)
  • - ৩৩° সে:
খেজুর, আপেল ও কমলা আমদানিতে কমল শুল্ক-কর

খেজুর, আপেল ও কমলা আমদানিতে কমল শুল্ক-কর

অনলাইন ডেস্ক: পবিত্র রমজান মাস সামনে রেখে খেজুর, আপেল ও কমলা আমদানিতে শুল্ক-কর ছাড় দিয়েছে সরকার। এসব ফলের আমদানি ব্যয় কমানো, সরবরাহ স্বাভাবিক রাখা এবং বাজারে দাম সহনীয় পর্যায়ে রাখার লক্ষ্যে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সঙ্গে পরামর্শক্রমে অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ গতকাল ২৩ নভেম্বর সোমবার এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে। এসআরও নম্বর ৪২০-আইন/২০২৬/কাস্টমস অনুযায়ী, নতুন এ সুবিধা কার্যকর হয়েছে।প্রজ্ঞাপন অনুযায়ী, ২৩ নভেম্বর থেকে আগামী বছরের ১০ মার্চ পর্যন্ত সব ধরনের তাজা ও শুকনো খেজুর আমদানিতে কাস্টমস শুল্ক ৫ শতাংশ নির্ধারণ করা হয়েছে। প্যাকেটজাত ও খোলা—উভয় ধরনের খেজুর আমদানিতে চারটি এইচএস কোডের আওতায় এ সুবিধা পাওয়া যাবে।অন্যদিকে, আগামী বছরের ২৪ জানুয়ারি থেকে ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত এক মাসের জন্য তাজা আপেল ও কমলা আমদানিতে শুল্ক-কর ছাড় দেওয়া হয়েছে। এ সময়ে ফল দুটি আমদানিতে রেগুলেটরি ডিউটি (আরডি) ৫ শতাংশ এবং সম্পূরক শুল্ক (এসডি) ২০ শতাংশের অতিরিক্ত অংশ প্রত্যাহার করা হয়েছে। একই সঙ্গে আমদানি পর্যায়ে মূল্য সংযোজন কর (ভ্যাট) ও আগাম কর (এটি) পুরোপুরি প্রত্যাহার করা হয়েছে।সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন, রমজানের কয়েক মাস আগেই শুল্ক-কর ছাড়ের ঘোষণা দেওয়ায় আমদানিকারকেরা আগেভাগে পণ্য সংগ্রহ ও ঋণপত্র (এলসি) খোলার প্রস্তুতি নিতে পারবেন। এতে রমজানের আগে এসব ফলের আমদানি ও সরবরাহ বাড়ার সম্ভাবনা রয়েছে।তবে আমদানি পর্যায়ে শুল্ক-কর কমানোর সুফল খুচরা বাজারে কতটা পড়বে, তা নির্ভর করবে আন্তর্জাতিক বাজারে ফলের দাম, ডলারের বিনিময় হার, পরিবহন ব্যয় এবং আমদানি ও বিপণন পর্যায়ে ব্যবসায়ীদের মুনাফার ওপর।তাই সাধারণ ভোক্তাদের কাছে এ ছাড়ের সুফল পৌঁছে দিতে আমদানি থেকে শুরু করে সরবরাহ ও খুচরা বাজার পর্যন্ত নিয়মিত নজরদারি প্রয়োজন।এটিভি/আরএম