জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঢাকাস্থ মণিরামপুর সমিতির ত্রাণ বিতরণ
যশোর প্রতিনিধি: যশোরের মণিরামপুরে ভবদহের জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত ৩২০ পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেছে ঢাকাস্থ মণিরামপুর সমিতি।১৯ সেপ্টেম্বর শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার দূর্বাডাঙ্গা, নেহালপুর, মনোহরপুর, কুলটিয়া, হরিদাসকাটি ও শ্যামকুড় ইউনিয়নে এসব ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।ত্রাণ বিতরণকালে উপস্থিত ছিলেন ঢাকাস্থ মণিরামপুর সমিতির সভাপতি বিশিষ্ট শিল্পপতি আবুল কালাম আজাদ, সহ-সভাপতি অ্যাডভোকেট জিয়াউদ্দিন বাবলু, কোষাধ্যক্ষ ড. হুমায়ুন কবীর বাবলা, দপ্তর সম্পাদক আব্দুর সবুর, সমাজসেবা সম্পাদক সালাউদ্দিন আহমেদ, কার্যনির্বাহী সদস্য নাজমুল হক টিটো, আব্দুল্লাহ আল মামুন, হাসানুজ্জামান, হুমায়ুন কবির সবুজ ও আব্দুল ওহাবসহ স্থানীয় সুধীজন।সমিতির সভাপতি আবুল কালাম আজাদ বলেন, দীর্ঘদিন ধরে ভবদহের জলাবদ্ধতায় এসব মানুষ পরিবার-পরিজন নিয়ে চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন। বিশেষ করে দরিদ্র ও নিম্ন আয়ের পরিবারগুলো খাদ্য, বিশুদ্ধ পানি, প্রয়োজনীয় ওষুধ ও চিকিৎসাসেবার সংকটে পড়েছেন। দুর্যোগময় এই পরিস্থিতিতে মানবিক সহায়তা নিয়ে পানিবন্দি মানুষের পাশে দাঁড়িয়েছে ঢাকায় বসবাসরত মণিরামপুরবাসীর স্বেচ্ছাসেবী সংগঠন মণিরামপুর সমিতি।তিনি জানান, পানিবন্দি ও ক্ষতিগ্রস্ত মানুষের জন্য খাদ্যসামগ্রী বিতরণের পাশাপাশি সুবিধাবঞ্চিত মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে আগামী ১৬ ও ১৭ অক্টোবর বিনামূল্যে মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণ করা হবে। এতে ৭০০ মানুষকে অভিজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসা পরামর্শ ও প্রেসক্রিপশন, ডায়াবেটিস পরীক্ষা, ইসিজি, আল্ট্রাসোনোগ্রাফি ও রক্তের গ্রুপ পরীক্ষা করা হবে। পাশাপাশি বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধও প্রদান করা হবে। এর আগে শুক্রবার রাতে ঢাকাস্থ মণিরামপুর সমিতির নেতৃবৃন্দ মণিরামপুর প্রেসক্লাবে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন।