যে শর্তে সমকামী পুরুষকে বিয়ে করতে রাজি ক্লোয়ে কারদাশিয়ান
বিনোদন ডেস্ক: প্রেম কিংবা নতুন সম্পর্কে জড়ানোর চেয়ে আপাতত একাই থাকতে স্বাচ্ছন্দ্যবোধ করেন মার্কিন রিয়েলিটি টিভি তারকা ক্লোয়ে কারদাশিয়ান। তবে, বিয়ে নিয়ে তার ভাবনায় রয়েছে ভিন্নতা। সম্প্রতি সমকামী কোনো পুরুষের সঙ্গে ‘ল্যাভেন্ডার ম্যারেজে’ রাজি হওয়ার কথা জানিয়েছেন তিনি। যদিও এমন বিয়েতে তার কিছু শর্তও আছে।নেটফ্লিক্স নয়, হুলুতে প্রচারিত রিয়েলিটি শো দ্য কারদাশিয়ানস-এর ২৬ নভেম্বরের পর্বে বিষয়টি নিয়ে কথা বলেন ক্লোয়ে। এ সময় কনটেন্ট ক্রিয়েটর কোল্ট পলসেন তাকে ল্যাভেন্ডার ম্যারেজের প্রস্তাব দেন। তিনি বলেন, “তোমার তো একজন পুরুষ দরকার, তোমার সব বোনই সম্পর্কে আছে। চাইলে ল্যাভেন্ডার ম্যারেজ করতে পারো। কখনো প্রয়োজন হলে আমি আছি।”ক্লোয়ে মজা করে সেই প্রস্তাবে সাড়া দেন। তিনি বলেন, “ও হ্যাঁ, এমন বিয়েতে আমি যেকোনো সময় রাজি।” অনুষ্ঠানে ব্যাখ্যা করা হয়, ল্যাভেন্ডার ম্যারেজ হলো একজন নারী ও একজন পুরুষের মধ্যে সুবিধার ভিত্তিতে গড়ে ওঠা বিয়ে, যেখানে দুজনের একজন অথবা উভয়েই সমকামী বা কুইয়ার হতে পারেন।তবে, বিষয়টি নিয়ে নিজের ভাবনার কথাও জানিয়েছেন অভিনেত্রী। অনুষ্ঠানের একান্ত সাক্ষাৎকার পর্বে তিনি বলেন, “আমি কি ল্যাভেন্ডার ম্যারেজ করব? কখনো কখনো হ্যাঁ। আবার অন্য সময় মনে হয়, আরো একজন মানুষের দায়িত্ব নেওয়ার দরকার আছে কি না, জানি না।”এরপর মজা করে তিনি যোগ করেন, “মানে, ওই সমকামী পুরুষটি আমার জন্য কী করতে পারে, তার ওপর নির্ভর করছে।” প্রতিদিন তাকে সুন্দর করে সাজিয়ে রাখতে পারলেই এমন বিয়েতে রাজি হতে পারেন বলেও হাস্যরস করেন তিনি। ক্লোয়ের ভাষায়, “তুমি কি আমাকে প্রতিদিন সুন্দর দেখাতে পারবে? তাহলে রাজি। আমার শুধু এটুকুই চাই।”ল্যাভেন্ডার ম্যারেজ নিয়ে অভিনেত্রীর এই মন্তব্যের কিছুদিন আগেই নিজের যৌনতা ও সম্পর্কের চাহিদা নিয়ে কথা বলেন তিনি। তার পডকাস্ট ক্লোয়ে ইন ওয়ান্ডারল্যান্ড-এর ১৮ নভেম্বরের পর্বে দীর্ঘদিনের বন্ধু সাইমন হাকের সঙ্গে এ বিষয়ে আলোচনা করেন ক্লোয়ে।সেখানে সাইমন হাক ধারণা দেন, ক্লোয়ে হয়তো ‘ডেমিসেক্সুয়াল’। এর মানে যারা কারো সঙ্গে রোমান্টিক বা শারীরিক সম্পর্কে জড়ানোর আগে আবেগের সংযোগ বা মানসিক ঘনিষ্ঠতাকে গুরুত্ব দেন, তাদের এভাবে পরিচয় করানো হয়।বন্ধুর এই ব্যাখ্যার সঙ্গে নিজের মিল খুঁজে পান ক্লোয়ে। তিনি বলেন, “আমার মনে হয় না, জীবনে কখনো ওয়ান-নাইট স্ট্যান্ড করেছি। করলে নিশ্চয়ই মনে থাকত। তাহলে কি আমি ডেমি? বাহ।”সম্পর্কের বিষয়ে নিজের বর্তমান অবস্থান নিয়েও খোলামেলা কথা বলেছেন এই তারকা। তিনি জানান, এই মুহূর্তে জীবনে নতুন কাউকে জায়গা দেওয়ার মতো মানসিক অবস্থায় তিনি নেই। যদিও কখনো কখনো পাশে একজন মানুষ থাকার অভাব অনুভব করেন। তবে, তার চাওয়া সবসময় শারীরিক সম্পর্ক নয়। ক্লোয়ের ভাষায়, “মাঝেমধ্যে আমি শুধু চুমু খেতে চাই।” এমন কাউকে জড়িয়ে ধরার অভাবও অনুভব করেন তিনি, যার সঙ্গে সত্যিকারের ঘনিষ্ঠতা রয়েছে।সাবেক প্রেমিক ও বাস্কেটবল খেলোয়াড় ট্রিস্টান থম্পসনের সঙ্গে ক্লোয়ের দুই সন্তান রয়েছে—মেয়ে ট্রু, বয়স ৮ বছর, এবং ছেলে টেটাম, বয়স ৪ বছর। ২০২১ সালে বিচ্ছেদের আগে তাদের সম্পর্ক একাধিকবার ভাঙা-গড়ার মধ্য দিয়ে গেছে।বিচ্ছেদের পর থেকে প্রেমের সম্পর্কের ক্ষেত্রে অনেকটাই দূরত্ব বজায় রেখেছেন অভিনেত্রী। নতুন করে কারো সঙ্গে সম্পর্কে জড়ানোর সম্ভাবনা একেবারে উড়িয়ে না দিলেও এ বিষয়ে তাড়াহুড়ো করতে চান না তিনি। আপাতত ল্যাভেন্ডার ম্যারেজের সম্ভাবনাও খোলা রাখছেন; যদি সেই বিয়েতে তার চাহিদা পূরণের মতো যথেষ্ট সুবিধা থাকে।এটিভি/ এইচকে