• ঢাকা
  • |
  • বুধবার ১লা আশ্বিন ১৪৩৩ বিকাল ০৪:২৫:৩০ (16-Sep-2026)
  • - ৩৩° সে:
গুলশান থানার ওসি দাউদ ক্লোজ

গুলশান থানার ওসি দাউদ ক্লোজ

অনলাইন ডেস্ক: রাজধানীর গুলশান মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দাউদ হোসেনকে ক্লোজ করা হয়েছে। গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিলের পাঁচ দিন পর তাকে ক্লোজ করা হয়।১৬ সেপ্টেম্বর বুধবার ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ স্বাক্ষরিত এক অফিস আদেশে এ সিদ্ধান্ত নেওয়া হয়।আদেশে বলা হয়, প্রশাসনিক কারণে ১৬ সেপ্টেম্বর পূর্বাহ্নে দাউদ হোসেনকে ডিএমপি সদর দপ্তর ও প্রশাসন বিভাগের কেন্দ্রীয় সংরক্ষণ দপ্তরে সংযুক্ত (ক্লোজ) করা হলো।ডিএমপির মিডিয়া উইং থেকে বুধবার জানানো হয়েছে, প্রশাসনিক কারণে ওই কর্মকর্তাকে ক্লোজ করা হয়েছে।উল্লেখ্য, গত ১১ সেপ্টেম্বর দুপুর পৌনে ১২টার দিকে রাজধানীর গুলশানে আওয়ামী লীগ ও দলটির অঙ্গসংগঠনের নেতাকর্মীদের ঝটিকা মিছিল থেকে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ছত্রভঙ্গ করতে পুলিশ দুই রাউন্ড রাবার বুলেট ছোড়ে। মিছিল থেকে দুজনকে গ্রেফতারও করেছে পুলিশ। তাদের কাছ থেকে পাঁচটি ককটেল উদ্ধার করা হয়েছে। গ্রেফতার ব্যক্তিরা হলেন আব্দুর রহিম ও আরাফাত।জানা গেছে, দুপুর পৌনে ১২টার দিকে গুলশান থানার ৩ নম্বর সড়কের একটি গলিতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ১৫০ থেকে ২০০ নেতাকর্মী জড়ো হন। তারা মিছিল শুরু করলে পুলিশ ছত্রভঙ্গ করতে গেলে মিছিলকারীদের পক্ষ থেকে পুলিশের দিকে ককটেল নিক্ষেপ করা হয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ দুটি রাবার বুলেট ছুড়ে মিছিলটি ছত্রভঙ্গ করে দেয়।মঙ্গলবার সচিবালয়ে এক অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এ প্রসঙ্গে বলেন, গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিলের বিষয়ে গোয়েন্দা তথ্য ছিল। তবে শুক্রবার পুলিশ হয়তো আন্দাজ করতে পারেনি যে ওই সময় ওই এলাকায় জুমার নামাজ পড়তে এসে তারা এরকম একটা কিছু করতে পারে।গুলশানে মিছিলের বিষয়ে তিনি বলেন, বেলা ১১টার দিকে জুমার নামাজ আদায়ের কথা বলে সেখানে কিছু লোক জড়ো হয়েছিল। পরে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।সূত্র: যুগান্তর