• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই জ্যৈষ্ঠ ১৪৩৩ সন্ধ্যা ০৭:১৮:৫৬ (21-May-2026)
  • - ৩৩° সে:
লন্ডনে শিক্ষামন্ত্রীর সঙ্গে ক্যানভা প্রতিনিধি দলের বৈঠক

লন্ডনে শিক্ষামন্ত্রীর সঙ্গে ক্যানভা প্রতিনিধি দলের বৈঠক

ডেস্ক রিপোর্ট: শিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের সঙ্গে ‘ক্যানভা কে-১২ এডুকেশন’-এর গ্লোবাল লিড অ্যান্ডি শ’-এর নেতৃত্বাধীন জ্যেষ্ঠ কর্মকর্তাদের প্রতিনিধি দলের বৈঠক অনুষ্ঠিত হয়েছে।যুক্তরাজ্যের লন্ডনে অনুষ্ঠিত ‘এডুকেশন ওয়ার্ল্ড ফোরাম ২০২৬’-এর সাইডলাইনে ২০ মে লন্ডনের কুইন এলিজাবেথ-২ সেন্টারে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা মাহ্দী আমিন উপস্থিত ছিলেন।২১ মে ঢাকায় প্রাপ্ত শিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।বৈঠকে ক্যানভা কর্মকর্তারা ডিজিটাল শিক্ষাকে শক্তিশালী করা, শিক্ষার্থীদের সৃজনশীলতা বৃদ্ধি, শ্রেণিকক্ষের সম্পৃক্ততা বাড়ানো ও ভিজ্যুয়াল যোগাযোগ উন্নত করার মাধ্যমে ক্যানভার শিক্ষা সেবা কীভাবে বাংলাদেশের শিক্ষক ও শিক্ষার্থীদের বিশ্বমানের উপযোগী করে সহায়তা করতে পারে, সে বিষয়ে বিস্তারিত অবহিত করেন।বৈঠক চলাকালেই শিক্ষামন্ত্রী তাৎক্ষণিকভাবে ক্যানভাকে বাংলাদেশের দুটি বিদ্যালয়ের সঙ্গে পরীক্ষামূলকভাবে যুক্ত করে দেন, যাতে সেখানকার শিক্ষক ও শিক্ষার্থীরা প্রাতিষ্ঠানিকভাবে ক্যানভার প্রিমিয়াম শিক্ষা সেবা সরাসরি ব্যবহার শুরু করতে পারেন।বিনামূল্যের এই প্রিমিয়াম সেবা দেশের সকল শিক্ষক ও শিক্ষার্থীর জন্য সম্প্রসারিত হবে বলে আশাবাদ ব্যক্ত করে শিক্ষামন্ত্রী মিলন বলেন, ‘বর্তমান সরকার একটি বিশদ পরিকল্পনা নিয়ে কাজ করছে, যেখানে দেশের শিক্ষা ব্যবস্থাকে আরও সৃজনশীল, প্রযুক্তিনির্ভর, অন্তর্ভুক্তিমূলক ও ভবিষ্যৎ-উপযোগী করে তোলার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।’একই দিন শিক্ষামন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের ব্যবসা ও বাণিজ্য দপ্তরের আন্তর্জাতিক শিক্ষা কৌশল বাস্তবায়ন শাখার প্রধান জোনাথন লেজারের নেতৃত্বে আরেকটি প্রতিনিধিদল বৈঠক করেন। সেখানে ‘পিয়ারসন-ক্যামব্রিজ পার্টনারশিপ ফর এডুকেশন’-এর জ্যেষ্ঠ প্রতিনিধিরাও অংশ নেন।ওই বৈঠকে বাংলাদেশের শিক্ষার্থীদের কর্মসংস্থানের উপযোগী দক্ষতা বৃদ্ধি, বাজারভিত্তিক পাঠ্যক্রম এবং কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা ব্যবস্থার (টিভিইটি) উন্নয়নের ওপর গুরুত্বারোপ করা হয়।