• ঢাকা
  • |
  • রবিবার ২৬শে আশ্বিন ১৪৩৩ দুপুর ১২:০০:০৯ (11-Oct-2026)
  • - ৩৩° সে:
উৎপাদনে ফিরিয়ে এনে কেপিএমকে লাভজনক করার পরিকল্পনা

উৎপাদনে ফিরিয়ে এনে কেপিএমকে লাভজনক করার পরিকল্পনা

ডেস্ক রিপোর্ট: রাঙামাটির কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনায় অবস্থিত কর্ণফুলী পেপার মিলস লিমিটেডসহ (কেপিএম) দেশের সব রুগ্ন শিল্পপ্রতিষ্ঠান পুনরুজ্জীবিত করে লাভজনক করার উদ্যোগ নিয়েছে সরকার। এসব প্রতিষ্ঠান সচল করতে বিদেশি বিনিয়োগ, আধুনিকায়ন ও পুনর্বাসন, সরকারি-বেসরকারি অংশীদারত্ব এবং সরকার-টু-সরকার সহযোগিতার মাধ্যমে কাজ করার পরিকল্পনা নেওয়া হয়েছে।বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের (বিসিআইসি) চেয়ারম্যান মো. বাবুল মিঞা এ কথা জানিয়েছেন।শনিবার দুপুরে কেপিএমের অতিথিশালায় কারখানার বিভিন্ন বিভাগের প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের তিনি বলেন, একসময় কেপিএম একটি লাভজনক প্রতিষ্ঠান ছিল। দেশের শিল্প খাতেও এর সুনাম ছিল। প্রতিষ্ঠানটিকে আবারও উৎপাদনে ফিরিয়ে আনতে পরিকল্পনা নেওয়া হয়েছে।বাবুল মিঞা বলেন, দেশের রুগ্ন শিল্পপ্রতিষ্ঠানগুলোকে পুনরায় সচল ও লাভজনক করার লক্ষ্যে সরকার কাজ শুরু করেছে। এ উদ্যোগের অংশ হিসেবে কেপিএমের উৎপাদন কার্যক্রম পুনরায় চালুর বিষয়েও পরিকল্পনা করা হচ্ছে।মতবিনিময় সভায় কেপিএমের সার্বিক কার্যক্রম, বর্তমান পরিস্থিতি এবং কারখানাটিকে পুনরায় উৎপাদনে ফিরিয়ে আনার সম্ভাব্য উপায় নিয়ে আলোচনা হয়।কেপিএমের ব্যবস্থাপনা পরিচালক শহীদ উল্লাহর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রায়হানুল ইসলাম, কাপ্তাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও স্থানীয় সংসদ সদস্যের প্রতিনিধি দিলদার হোসেন এবং কেপিএমের উৎপাদন বিভাগের প্রধান মঈদুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।সূত্র: দেশ রূপান্তর