৮৯ রানে অলআউট ভারত, রেকর্ড গড়ে জিতল কিউইরা
স্পোর্টস ডেস্ক: কিউই পেসার ম্যাট হেনরির গতি আর সুইংয়ে কুপোকাত ভারত। তার সঙ্গে তাল মিলিয়ে বাউন্সে বাকি কাজ সেরেছেন ম্যাট ফিশার। ফলে নিউজিল্যান্ডের দেওয়া ৩৩৪ রানের লক্ষ্য তাড়ায় শুভমান গিলের দল মাত্র ৮৯ রানেই গুটিয়ে গেছে। এর মধ্য দিয়ে ওয়ানডেতে দ্বিতীয় সর্বোচ্চ ২৪৪ রানের ব্যবধানে হারের তিক্ত স্বাদ পেল ভারত।স্বাগতিক কিউইরা মাউন্ট মঙ্গানুইয়ে আগে ব্যাট করতে নেমে ৩৩৩ রানের বড় সংগ্রহ গড়ে। তাদের পক্ষে উইল ইয়ং সর্বোচ্চ ১২৫ রানের ইনিংস এবং টিম সেইফার্ট ৫৮ রান করেছেন। ওই লক্ষ্য তাড়ায় জিততে হলে রেকর্ড গড়তে হবে শুভমান গিলের দলকে। এর আগে ওয়ানডেতে বিদেশের মাটিতে সর্বোচ্চ ৩৩১ রানের লক্ষ্য তাড়ায় তারা ২০১৬ অস্ট্রেলিয়াকে হারিয়েছিল।কিন্তু রেকর্ড গড়া তো দূরে থাক, শুরু থেকেই তটস্থ ছিল ভারতীয় টপঅর্ডার। নিজেদের ইতিহাসে প্রথমবার ইনিংসের প্রথম ওভারেই শূন্য রানে তারা ৩ উইকেট হারিয়ে বসে। ম্যাট হেনরির গতি-সুইংয়ে দিশেহারা হয়ে একে একে ফেরেন রোহিত শর্মা, বিরাট কোহলি ও শ্রেয়াস আইয়ার। এরপর ৯ রানে আউট হন রুতুরাজ গায়কোয়াড়ও। এ নিয়ে ওয়ানডেতে দ্বিতীয়বার ১০ রানের আগেই চতুর্থ উইকেট হারাল ভারত। এর আগেরবার বিব্রতকর নজির গড়েছিল ১৯৮৩ ওয়ানডে বিশ্বকাপে। পরে ওই আসরে কপিল শর্মার ভারত চ্যাম্পিয়ন হয়।ভারতের হয়ে ব্যক্তিগত সর্বোচ্চ ২৭ রান এসেছে ইশান কিষাণের ব্যাটে। এ ছাড়া অক্ষর প্যাটেল ও নমন ধীর সমান ২১ রান করেন। এ ছাড়া আর কেউই দুই অঙ্কের ঘর ছুঁতে পারেননি। এদিন ২০১৮ সালের পর পাওয়ার প্লেতে সর্বনিম্ন ২৬ রান তুলতে পারে ভারত। এদিক থেকে তাদের সর্বনিম্ন স্কোর ছিল ২১/৩, ২০১৯ সালে সিডনিতে অস্ট্রেলিয়া তাদের সেই স্বাদ দেয়।এর আগে ভারত ওয়ানডে ইতিহাসে সর্বোচ্চ ২৪৫ রানে হেরেছিল, ২০০০ সালের সেই ম্যাচে তাদের প্রতিপক্ষ ছিল শ্রীলঙ্কা। ১ রানের কম ব্যবধানে আজ কিউইদের কাছে হারল কোহলি-রোহিতরা। এ ছাড়া ২ রানের জন্য ওয়ানডেতে কিউইদের বিপক্ষে ভারত সর্বনিম্ন রানে অলআউটের লজ্জাও এড়িয়েছে। ২০১০ সালের এক ম্যাচে তারা গুটিয়ে যায় ৮৮ রানে। তবে ভারতের এরচেয়েও কম রানে অল আউটের নজির আছে। শ্রীলঙ্কার বিপক্ষে ২০০০ সালে অলআউট হয় ৫৪ রানে। এ ছাড়া ৬৩, ৭৮, ৭৯ ওয়ানডেতে ভারতের সবচেয়ে দ্রুততম ইনিংস শেষ করার নজির।এদিকে, কিউইরা ওয়ানডেতে জিতেছে দ্বিতীয় সর্বোচ্চ (২৪৪ রান) ব্যবধানে। সর্বোচ্চ ২৯০ রানে তারা ২০০৮ সালে আয়ারল্যান্ডকে হারিয়েছিল। সিরিজে স্বাগতিকদের ২-১ ব্যবধান কমানোর পথে হেনরি ২৭ রানে ৬ উইকেট শিকার করেছেন। যা ওয়ানডেতে তার ক্যারিয়ারসেরা স্পেল। ভারতের বিপক্ষে নিউজিল্যান্ডের পেসারদের মধ্যে সেরা স্পেলটি শেন বন্ডের (১৯/৬)।কিউইদের হয়ে ওয়ানডেতে তৃতীয় সর্বোচ্চ চারটি ফাইফার পূর্ণ করেছেন হেনরি। সমান ফাইফার আছে বন্ডেরও। সর্বোচ্চ ৬টি ট্রেন্ট বোল্ট এবং স্যার রিচার্ড হ্যাডলি ৫টি ফাইফার নিয়েছেন।এটিভি/ এইচকে