• ঢাকা
  • |
  • বুধবার ১লা আশ্বিন ১৪৩৩ সকাল ১০:৪৯:৩৭ (16-Sep-2026)
  • - ৩৩° সে:
দুর্নীতিবাজদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নিতে হবে: মন্ত্রিপরিষদ সচিব

দুর্নীতিবাজদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নিতে হবে: মন্ত্রিপরিষদ সচিব

ডেস্ক রিপোর্ট: দুর্নীতিবাজ কর্মকর্তা-কর্মচারীদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গনি। একই সঙ্গে সরকারি কাজের গতি বাড়ানো, দ্রুত ফাইল নিষ্পত্তি এবং কর্মকর্তা-কর্মচারীদের সময়মতো অফিসে উপস্থিতি নিশ্চিত করতে সচিবদের নির্দেশ দিয়েছেন তিনি।১৫ সেপ্টেম্বর মঙ্গলবার বিকেলে মন্ত্রিপরিষদ বিভাগে বর্তমান সরকারের শাসনামলে অনুষ্ঠিত প্রথম সচিব সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব নির্দেশনা দেন। সভায় উপস্থিত একাধিক সচিব বিষয়গুলো নিশ্চিত করেছেন।সভায় মন্ত্রিপরিষদ সচিব বলেন, দেশের বিভিন্ন সরকারি দপ্তরে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ রয়েছে। সেবাপ্রত্যাশীদের কাছ থেকে ঘুষ নেওয়া এবং ঘুষ ছাড়া ফাইল নড়াচড়ার মতো অভিযোগও রয়েছে। কোনো মন্ত্রণালয় বা বিভাগে দুর্নীতি হলে সংশ্লিষ্টদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক আইনগত ব্যবস্থা নিতে হবে। কোনোভাবেই দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া যাবে না।তিনি বলেন, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের যথাসময়ে অফিসে উপস্থিতি ও প্রস্থান নিশ্চিত করতে হবে। অফিসে উপস্থিতি ও প্রস্থানের বিষয়টি নিয়মিত তদারকির জন্য সচিবদের নির্দেশ দেওয়া হয়েছে। সরকারি দপ্তরে দায়িত্ব পালনে কোনো ধরনের গাফিলতি গ্রহণ করা হবে না।সরকারি শূন্য পদগুলোতে আইন ও বিধি মেনে দ্রুত জনবল নিয়োগের নির্দেশও দিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব।সভায় উপস্থিত সচিবরা জানান, নিয়োগের ক্ষেত্রে কোনো ধরনের চাপ, টেলিফোন, তদবির বা প্রলোভনের কাছে নতি স্বীকার না করে প্রশাসনিক প্রক্রিয়ায় নিয়োগ চূড়ান্ত করতে বলা হয়েছে। কেউ তদবির করলে তা নির্ধারিত নিয়মে সরকারকে জানানোর পরামর্শ দেওয়া হয়েছে।এর আগে মন্ত্রণালয় ও বিভাগগুলোর পক্ষ থেকে সংস্কারের যেসব প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, সেগুলো যথাযথভাবে বাস্তবায়নেরও নির্দেশ দেওয়া হয়।সভায় দেশের জ্বালানি ও গ্যাস সংকট নিয়েও আলোচনা হয়। সংকট মোকাবিলায় সব সরকারি স্থাপনায় সোলার প্যানেল স্থাপনের নির্দেশ দিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব।তিনি বলেন, সচিবালয় থেকে উপজেলা পর্যায়ের সরকারি অফিস পর্যন্ত সোলার প্যানেল স্থাপনের উদ্যোগ নিতে হবে। আগামী পাঁচ বছরে বিকল্প জ্বালানি হিসেবে সৌরবিদ্যুৎ থেকে ১০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য রয়েছে। এ লক্ষ্য বাস্তবায়নে সরকারি স্থাপনাগুলোতে সৌরবিদ্যুৎ ব্যবহারে গুরুত্ব দিতে হবে।মধ্যপ্রাচ্যের সংঘাতের কারণে জ্বালানি ও সার আমদানিতে সম্ভাব্য সংকটের বিষয়টিও সভায় উঠে আসে। এ পরিস্থিতিতে আমদানির বিকল্প উৎস খোঁজার পাশাপাশি দেশের নিজস্ব উৎসগুলো কাজে লাগানোর ওপর গুরুত্ব দেন তিনি।সরকারি কাজ দ্রুত সম্পন্ন করতে প্রয়োজনে ই-নথি ব্যবস্থার ব্যবহার বাড়ানোর নির্দেশ দিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব।তিনি বলেন, কোনো ফাইল সিদ্ধান্ত ছাড়া ফেলে রাখা যাবে না। কোনো ফাইল নিষ্পত্তি করা সম্ভব না হলে তার কারণ উল্লেখ করে পরবর্তী সিদ্ধান্তের জন্য ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে পাঠাতে হবে। কেন্দ্র থেকে মাঠপর্যায় পর্যন্ত জনগণকে যথাসময়ে সেবা নিশ্চিত করার ওপরও গুরুত্ব দেন তিনি।সভায় সরকারি দপ্তরে ইতিবাচক কার্যক্রমের মাধ্যমে সরকারের ভাবমূর্তি বাড়ানোর নির্দেশ দেওয়া হয়। পাশাপাশি জনঅসন্তোষ সৃষ্টি হতে পারে—এমন বিষয়ে আগে থেকেই সতর্ক হয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সচিবদের বলা হয়েছে।সভায় সাম্প্রতিক সময়ে মাঠপর্যায়ে সার সরবরাহ নিয়ে কৃত্রিম সংকট তৈরির অভিযোগ নিয়েও আলোচনা হয়। এ ধরনের চ্যালেঞ্জ দক্ষতার সঙ্গে মোকাবিলা এবং সরকারি দায়িত্ব পালনে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের নির্দেশ দেন মন্ত্রিপরিষদ সচিব।সূত্র: যুগান্তর