প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল নিক্ষেপ, আটক ৩
ডেস্ক রিপোর্ট: রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল নিক্ষেপের ঘটনায় মামলা হওয়ার পর সন্দেহভাজন ৩ জনকে আটক করেছে পুলিশ। তবে এ ঘটনায় ব্যবহার করা মোটরসাইকেল এখনো উদ্ধার করা যায়নি। ১০ অক্টোবর শনিবার দুপুরে তাদের আটক করা হয়।৯ অক্টোবর শুক্রবার দিবাগত রাত সোয়া ১টার দিকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে দুটি ককটেল নিক্ষেপ করে দুর্বৃত্তরা। এর মধ্যে একটি বিস্ফোরিত হয়। অন্যটি ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বোম ডিসপোজাল ইউনিট বিস্ফোরণের মাধ্যমে নিষ্ক্রিয় করে।ঘটনার পর দুই মোটরসাইকেল আরোহীকে শনাক্ত ও গ্রেপ্তারে কাজ শুরু করে পুলিশ।পুলিশ জানায়, ঘটনার সময় ২ মোটরসাইকেল আরোহী ঘটনাস্থলে এসে দুই থেকে তিন মিনিট অবস্থান করেন। এ সময়ে তারা আশপাশ পর্যবেক্ষণ করে ২টি ককটেল নিক্ষেপ করে আগারগাঁও হয়ে কাফরুল রোডের দিকে চলে যান।পুলিশ আরও জানায়, এ ঘটনায় আশপাশের সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে জড়িতদের শনাক্তে কাজ করছে পুলিশ। পাশাপাশি অভিযানও চালানো হচ্ছে।