• ঢাকা
  • |
  • সোমবার ২৭শে আশ্বিন ১৪৩৩ সকাল ১১:০৫:১৯ (12-Oct-2026)
  • - ৩৩° সে:
সাক্ষাৎ করবেন না প্রধান বিচারপতি, কোর্ট অভিমুখে মিছিল করবে বিরোধীরা

সাক্ষাৎ করবেন না প্রধান বিচারপতি, কোর্ট অভিমুখে মিছিল করবে বিরোধীরা

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের প্রধান বিচারপতি সূর্য কান্তের সঙ্গে সাক্ষাতের জন্য কংগ্রেসের করা অনুরোধ প্রত্যাখ্যান করা হয়েছে। তবে নির্বাচন কমিশনের বিশেষ নিবিড় ভোটার তালিকা সংশোধন (এসআইআর) এবং প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে আজ ১২ অক্টোবর সোমবার সুপ্রিম কোর্ট অভিমুখে মিছিল করার ঘোষণা দিয়েছে বিরোধীরা।ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়েছে, ১১ অক্টোবর রোববার কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে ও লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী এ কর্মসূচির ঘোষণা দেন। সোমবার দুপুর দেড়টায় দিল্লির কনট প্লেস ও বারাখাম্বা রোডের সংযোগস্থল থেকে মিছিল শুরু হয়ে প্রায় দুই কিলোমিটার দূরের সুপ্রিম কোর্টে গিয়ে শেষ হওয়ার কথা রয়েছে।প্রধান বিচারপতি সূর্য কান্ত বিরোধীদের জানিয়ে দিয়েছেন, তাদের উত্থাপিত অভিযোগগুলোর কয়েকটি ইতোমধ্যে আদালতের বিচারাধীন। সাংবিধানিক কাঠামো অনুযায়ী, প্রশাসনিক পর্যায়ে আদালতের এসব অভিযোগের বিষয়ে স্বতঃপ্রণোদিতভাবে ব্যবস্থা নেওয়ার ক্ষমতা নেই। তবে সংবিধানের ৩২ অনুচ্ছেদ অনুযায়ী, এ বিষয়ে আবেদন করা হলে আদালত তা বিবেচনা করতে পারেন। সোমবার আবেদন জমা পড়লে মঙ্গলবার শুনানির জন্য তা নেওয়া হতে পারে বলেও জানিয়েছেন তিনি।ভিডিও বার্তায় রাহুল গান্ধী বলেন, দল-মত, জাতি, ধর্ম ও রাজ্যের বিভেদ ভুলে গণতন্ত্র ও সংবিধানে বিশ্বাসী নাগরিকদের এই মিছিলে অংশ নেওয়া উচিত। ভোট চুরি বন্ধ, ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন স্থগিত এবং প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে প্রধান বিচারপতির কাছে স্মারকলিপি দেওয়ার কথা জানান তিনি।কংগ্রেস সভাপতি খাড়গে বলেন, প্রধান বিচারপতির কাছে কোনো দাবি চাপিয়ে দেওয়া তাদের উদ্দেশ্য নয়; বরং বিরোধীদের উদ্বেগ তুলে ধরে তার হস্তক্ষেপ কামনা করা হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিরুদ্ধে দেশজুড়ে বিশৃঙ্খলা তৈরির অভিযোগও করেন তিনি।কর্মসূচিতে কংগ্রেসের পাশাপাশি বিরোধী জোট ‘ইন্ডিয়া’র শরিক দলগুলোর সংসদ সদস্যদের অংশ নেওয়ার কথা রয়েছে। সম্ভাব্য অংশগ্রহণকারীদের মধ্যে রয়েছেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদবসহ অন্য নেতারা।এদিকে, দিল্লিতে বিক্ষোভকারীদের ওপর পুলিশের দমন-পীড়ন এবং সংবাদ সংগ্রহের সময় সাংবাদিকদের আটক করার অভিযোগ তুলেছেন বিরোধী নেতারা। কংগ্রেস নেতা কে সি বেণুগোপাল অভিযোগ করেন, পুলিশ শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের ওপর নির্যাতন চালাচ্ছে এবং তাঁদের আটক করছে।এর আগে গত ৯ অক্টোবর ‘ইন্ডিয়া’ জোটের সংসদ সদস্যরা ভোটার তালিকা সংশোধন ও নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে উদ্বেগ জানাতে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাৎ করেন। পরে রাহুল গান্ধী দাবি করেন, ভোট চুরি ও ভোটার তালিকা সংশোধনে অনিয়মের অভিযোগ রাষ্ট্রপতি নাকচ করেননি।প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে দিল্লিতে বিরোধীদের বিক্ষোভের ধারাবাহিকতায় সোমবারের এই কর্মসূচি নেওয়া হয়েছে।