বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের ওমান যাত্রা স্থগিত
স্পোর্টস ডেস্ক: ভিসা জটিলতার কারণে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ জাতীয় দলের ওমান যাত্রা স্থগিত হয়েছে। আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে ওমান সফরে যাওয়ার কথা ছিল যুবা টাইগারদের।সিরিজটিকে সামনে রেখে দল আনুষ্ঠানিক ফটোসেশনও সেরে রেখেছিল। তবে শেষ মুহূর্তে এসে স্থগিত হয়ে গেছে অনূর্ধ্ব-১৯ দলের এই ওমান সফর। মূলত ভিসাসংক্রান্ত জটিলতা ও ওমান সরকারের প্রয়োজনীয় অনুমোদন না পাওয়ার কারণেই দল রওনা হতে পারেনি।১০ অক্টোবর শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে অনূর্ধ্ব-১৯ দলের ওমান যাত্রা স্থগিতের বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সফরটির আয়োজক আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)।বিসিবি জানিয়েছে, সিরিজটি ওমানের মাটিতে আয়োজনের জন্য দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে যেসব আনুষ্ঠানিক অনুমোদনের প্রয়োজন ছিল, এসিবি এখনও তা পুরোপুরি হাতে পায়নি।বিসিবি তাদের বিজ্ঞপ্তিতে উল্লেখ করে, ‘সেপ্টেম্বরের শুরু থেকেই ভিসা প্রক্রিয়া শুরু করা হয়েছিল এবং এই পুরো বিষয়টির সমন্বয় করছিল আফগানিস্তান ক্রিকেট বোর্ড। ফলে ভিসা ইস্যু করার বিষয়টি বিসিবির নিজস্ব কোনো নিয়ন্ত্রণে নেই।’ তবে সফরের প্রস্তুতি থেমে নেই বলে জানিয়েছে ক্রিকেট বোর্ড। খেলোয়াড়দের ওমান ভ্রমণের জন্য পুরোপুরি তৈরি রাখা হয়েছে। এসিবির মাধ্যমে ভিসা হাতে পেলেই অনতিবিলম্বে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ওমানের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবে।আগামী নভেম্বরে ওমানে অনুষ্ঠিত হতে যাওয়া অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতেই আফগানদের বিপক্ষে এই দ্বিপাক্ষিক সিরিজের আয়োজন করা হয়। হেড কোচ হান্নান সরকারের অধীনে বিসিবি ইতোমধ্যেই ১৫ সদস্যের দল ঘোষণা করেছে, যেখানে ফরিদ হাসান ফয়সালকে অধিনায়ক করা হয়েছে।পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী, দ্বিপাক্ষিক এই সিরিজে অংশ নিতে আজই ওমানের উদ্দেশ্যে দেশ ছাড়ার কথা ছিল বাংলাদেশ দলের। এরপর ১৩ অক্টোবর থেকে ওমান ক্রিকেট একাডেমি গ্রাউন্ডে সিরিজ শুরুর কথা ছিল। সিরিজের বাকি চার ওয়ানডে ১৫, ১৮, ২০ এবং ২৩ অক্টোবর। তবে যাত্রা বিলম্বিত হওয়ায় ম্যাচের মূল সূচিতে পরিবর্তন আসতে পারে।১৫ সদস্যের বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল: ফরিদ হাসান ফয়সাল (অধিনায়ক), আব্দুল্লাহ আল মুহি, আহসান আল মুমিন, আল আমীন হোসেন রনি, আল রফি, ফারহান সাদিক, কাওসার আহমেদ, আল আমীন হোসেন, শাকিল খান, মেহেরাব হাসান সিজান, রকিবুল হাসান, রবিউল হাসান অনিক, রুবাই ইসলাম রিজন, শেখ আতিকুর রহমান আকাশ এবং শেখ জারিফ সিয়াম।