• ঢাকা
  • |
  • বুধবার ২৬শে জ্যৈষ্ঠ ১৪৩৩ রাত ০১:৪৫:৩২ (10-Jun-2026)
  • - ৩৩° সে:
ওআইসি লেবার সেন্টারের মহাপরিচালকের সাথে শ্রমমন্ত্রীর বৈঠক

ওআইসি লেবার সেন্টারের মহাপরিচালকের সাথে শ্রমমন্ত্রীর বৈঠক

ডেস্ক রিপোর্ট: ১১৪ তম আন্তর্জাতিক শ্রম সম্মেলনের সাইড লাইনে ওআইসি লেবার সেন্টারের মহাপরিচালক আজার বায়রামভ-এর সাথে বৈঠক করেছেন বাংলাদেশের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।৯ জুন মঙ্গলবার দুপুরে সুইজারল্যান্ডের জেনেভায় জাতিসংঘ কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।বৈঠকে শ্রমমন্ত্রী ওআইসি ভুক্ত দেশ সমূহে লক্ষ লক্ষ বাংলাদেশি শ্রমিকের নিজ দেশ এবং গন্তব্য দেশের অর্থনীতিতে অবদান রাখার কথা উল্লেখ করেন। তিনি ওআইসি লেবার সেন্টারের নিকট এসব দেশে নিরাপদ কর্মপরিবেশ, সামাজিক সুরক্ষা এবং সম্মান নিশ্চিত করার মাধ্যমে অভিবাসী শ্রমিকদের আরো কার্যকরভাবে সুরক্ষা প্রদানের আহ্বান জানান।ওআইসি সদস্য রাষ্ট্রসমূহ শ্রম খাতে সর্বোত্তম চর্চা এবং শ্রমবাজার সংক্রান্ত তথ্য-উপাত্ত বিনিময়ের মাধ্যমে উপকৃত হতে পারে বলে মন্তব্য করেন মন্ত্রী। দ্রুত পরিবর্তনশীল শ্রমবাজারে নানামুখী চ্যালেঞ্জ এর সম্মুখীন শ্রমিকদের সুরক্ষার জন্য তিনি ওআইসিভুক্ত দেশগুলোর মধ্যে সহযোগিতা ও শ্রমবাজার সমন্বয়ের ব্যাপক সুযোগের কথা উল্লেখ করেন। তিনি আরও বলেন, এ ধরনের চ্যালেঞ্জ মোকাবেলায় তরুণ জনগোষ্ঠীর কর্মসংস্থান উপযোগী দক্ষতা, বিশেষত বিজ্ঞান, প্রযুক্তি ও ডিজিটাল অর্থনীতির ক্ষেত্রে দক্ষতার উন্নয়ন আবশ্যক। বাংলাদেশের অভ্যন্তরে এবং অভিবাসী বাংলাদেশি শ্রমিকদের কল্যাণে কারিগরি সহায়তা প্রদান, কর্মসংস্থান সৃষ্টি এবং দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ প্রদানের জন্য তিনি ওআইসি লেবার সেন্টারকে আহ্বান জানান। এ সেন্টারের প্রশিক্ষণ, কর্মশালা, বা যেকোন দক্ষতা বৃদ্ধি কার্যক্রমে বাংলাদেশ সরকার সর্বাত্মক সহযোগিতা করবে বলেও তিনি আশ্বস্ত করেন।ওআইসি লেবার সেন্টারের মহাপরিচালক আজার বায়রামভ ওআইসির শ্রম কেন্দ্র সংবিধিতে স্বাক্ষর করার জন্য বাংলাদেশকে ধন্যবাদ জানান। পাশাপাশি দ্রুত এ সংবিধি অনুসমর্থনের জন্য বাংলাদেশকে অনুরোধ জানান তিনি। ওআইসি দেশসমূহের মধ্যে অভিবাসী বাংলাদেশি শ্রমিকদের দক্ষতা উন্নয়নে, এবং নিরাপদ কর্মপরিবেশ এবং সামাজিক সুরক্ষা নিশ্চিত করতে তার সংস্থা বিশেষভাবে কাজ করবে বলে তিনি আশ্বস্ত করেন।বৈঠকে বাংলাদেশের পক্ষে শ্রমমন্ত্রী ছাড়াও শ্রমসচিব মো. আব্দুর রহমান তরফদার, রাষ্ট্রদূত নাহিদা সোবহান, অতিরিক্ত সচিব মো. হুমায়ুন কবির, উপসচিব সৈয়দ ইরতিজা আহসান ও মো. শামছুল ইসলাম উপস্থিত ছিলেন।