• ঢাকা
  • |
  • শনিবার ৩০শে জ্যৈষ্ঠ ১৪৩৩ বিকাল ০৫:৩৫:০৪ (13-Jun-2026)
  • - ৩৩° সে:
রাজধানীতে ৬তলা থেকে পড়ে এসি মিস্ত্রির মৃত্যু

রাজধানীতে ৬তলা থেকে পড়ে এসি মিস্ত্রির মৃত্যু

ডেস্ক রিপোর্ট: রাজধানীর এলিফ্যান্ট রোডে একটি ভবনে এয়ার কন্ডিশনার (এসি) স্থাপনের কাজ করার সময় ছয়তলা থেকে পড়ে শামীম হোসেন সাজু (৪৫) নামে এক এসি মিস্ত্রির মৃত্যু হয়েছে। তিনি পুরানা পল্টনের ‘নিউ কনফিডেন্স রেফ্রিজারেশন’ নামের একটি প্রতিষ্ঠানের মালিক ছিলেন।৭ জুন রোববার রাত সাড়ে ৮টার দিকে এলিফ্যান্ট রোডের বাটা সিগন্যাল এলাকার একটি ভবনে এ দুর্ঘটনা ঘটে।গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।ইন্ডিপেনডেন্ট টিভির প্রতিবেদন থেকে জানা যায়, নিহত শামীম হোসেন সাজুর বাড়ি মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার মেদেনী মণ্ডল গ্রামে। তিনি ওই গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে। পরিবার নিয়ে ঢাকার কেরানীগঞ্জের চুনকুটিয়া এলাকায় বসবাস করতেন।তাকে হাসপাতালে নিয়ে আসা প্রতিষ্ঠানের কর্মচারী মো. মামুন জানান, সকালে শামীম হোসেন সাজুসহ কয়েকজন কর্মী এলিফ্যান্ট রোডের একটি বাসায় এসি স্থাপনের কাজে যান। কাজের একপর্যায়ে ভবনের বাইরের অংশে এসি লাগানোর সময় তিনি নিচে পড়ে গুরুতর আহত হন। পরে দ্রুত তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক চিকিৎসকদের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানা-পুলিশকে অবহিত করা হয়েছে।