বংশালে সেলুনে এসি বিস্ফোরণ, দগ্ধ ১০
ডেস্ক রিপোর্ট: রাজধানীর বংশালের আলুবাজার এলাকায় একটি সেলুনে এয়ার কন্ডিশনার (এসি) বিস্ফোরণের ঘটনায় অন্তত ১০ জন দগ্ধ হয়েছেন। তাদের মধ্যে নয়জনকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।১৪ জুলাই মঙ্গলবার রাত ১টার দিকে আলুবাজারের আরমান সেলুনে এ দুর্ঘটনা ঘটে। পরে রাত দেড়টার দিকে দগ্ধদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নেওয়া হয়।দগ্ধরা হলেন—ফারুক (৩৫), রিংকু (৩০), রনি (৩৬), জসিম (৪০), রফিক (২৫), শমসেদ (৩০), রাজু (৩৪), পাপ্পু (২৬), আরমান (৩৭) ও শাকিব (১৭)। তাদের মধ্যে কয়েকজন সেলুনের কর্মচারী এবং বাকিরা গ্রাহক।জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান জানান, আহতদের মধ্যে ফারুকের শরীরের ৫০ শতাংশ, রিংকুর ২১ শতাংশ, রাজুর ১৮ শতাংশ, পাপ্পুর ১৮ শতাংশ, শমসেদের ১৫ শতাংশ, আরমানের ১৫ শতাংশ, রফিকের ১২ শতাংশ, রনির ১০ শতাংশ, জসিমের ৮ শতাংশ এবং শাকিবের ১ শতাংশ দগ্ধ হয়েছে।তিনি জানান, দগ্ধদের মধ্যে নয়জনকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। শাকিবের দগ্ধের পরিমাণ কম হওয়ায় তাকে জরুরি বিভাগের পর্যবেক্ষণে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।তাৎক্ষণিকভাবে বিস্ফোরণের সুনির্দিষ্ট কারণ জানা যায়নি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ঘটনাটির কারণ অনুসন্ধানে কাজ করছে।