মন খুলে গান গাওয়া যায়, নাম্বার দেওয়া যায় না: শিক্ষামন্ত্রী
অনলাইন ডেস্ক: মন খুলে গান গাওয়া যায়, কিন্তু মন খুলে নম্বর দেওয়া যায় না —এমন মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।১০ আগস্ট সোমবার সকাল ১০টায় শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।শিক্ষকদের নম্বর দেওয়ার ক্ষেত্রে কঠোর অবস্থান এবং এর পেছনে কোনো বার্তা ছিল কি না—এমন প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, ‘মন খুলে গান গাওয়া যায়, মন খুলে নাম্বার দেওয়া যায় না।’ একই সঙ্গে এবারের পরীক্ষার ফলাফলকে ‘সুন্দর ফলাফল’ বলেও উল্লেখ করেন তিনি।অন্য এক সাংবাদিক ফলাফলকে খারাপ হিসেবে উল্লেখ করলে শিক্ষামন্ত্রী বলেন, ‘আপনি খারাপ রেজাল্ট বলছেন কেন, রেজাল্ট তো সুন্দর হয়েছে।’এদিকে ফল পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করা শিক্ষার্থীদের উত্তরপত্র সম্পূর্ণভাবে পরীক্ষা করে দেখার কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী।তিনি বলেন, অনেক শিক্ষার্থী ভালো করার প্রস্তুতি ও প্রত্যাশা থাকা সত্ত্বেও পরীক্ষায় আশানুরূপ ফল করতে পারে না। আগে শিক্ষা বোর্ডের ১৯৯৮ সালের আইনে উত্তরপত্র পরিদর্শনের সুযোগ ছিল না। তবে বর্তমানে সেই নিয়মে পরিবর্তন আনা হয়েছে।শিক্ষামন্ত্রী বলেন, যেসব শিক্ষার্থী পুনর্নিরীক্ষণের আবেদন করবে, তাদের উত্তরপত্র সম্পূর্ণভাবে পুনরায় পরীক্ষা করা হবে। কোনো ধরনের ভুল বা অসঙ্গতি পাওয়া গেলে সে অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষায় গড় পাসের হার দাঁড়িয়েছে ৬২ দশমিক ২৫ শতাংশ। এ বছর মোট ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।অন্যদিকে ২০২৫ সালে এসএসসি ও সমমান পরীক্ষায় গড় পাসের হার ছিল ৬৮ দশমিক ৪৫ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছিল ১ লাখ ৩৯ হাজার ৩২ জন শিক্ষার্থী। অর্থাৎ গত বছরের তুলনায় এবার পাসের হার ও জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা—দুটিই কমেছে।সূত্র: বাংলা টিভি