• ঢাকা
  • |
  • শনিবার ২৭শে ভাদ্র ১৪৩৩ ভোর ০৫:১৩:০১ (12-Sep-2026)
  • - ৩৩° সে:
এসএসসির ফল পুনর্নিরীক্ষণে জিপিএ-৫ পেল আরও ৩ হাজার ৭৯ শিক্ষার্থী

এসএসসির ফল পুনর্নিরীক্ষণে জিপিএ-৫ পেল আরও ৩ হাজার ৭৯ শিক্ষার্থী

ডেস্ক রিপোর্ট: এসএসসি ও সমমান পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষণ ও মূল্যায়নের ফল প্রকাশ করা হয়েছে। এতে নতুন করে জিপিএ-৫ পেয়েছে ৩ হাজার ৭৯ জন শিক্ষার্থী। এ ছাড়া ফেল থেকে পাস করেছে ৪ হাজার ৫৮৫ জন।১০ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল ১০টায় দেশের ১১টি শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ করা হয়।শিক্ষার্থীরা নিজ নিজ শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রয়োজনীয় তথ্য দিয়ে ফল দেখতে পারছে। পাশাপাশি পর্যায়ক্রমে আবেদনকারীদের নিবন্ধিত মুঠোফোন নম্বরে খুদে বার্তার মাধ্যমে ফল পাঠানো হচ্ছে।গত ১০ আগস্ট এসএসসি ও সমমান পরীক্ষার মূল ফল প্রকাশ করা হয়েছিল। সে হিসাবে মূল ফল প্রকাশের ৩১ দিন পর পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ হলো।এবার এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের পর উত্তরপত্র পুনর্নিরীক্ষণের জন্য বিপুলসংখ্যক আবেদন জমা পড়ে। ১১টি শিক্ষা বোর্ডে মোট ৪ লাখ ২ হাজার ৫১ জন পরীক্ষার্থী পুনর্নিরীক্ষণের আবেদন করে। তারা লিখিত ও ব্যবহারিক পরীক্ষার মোট ১২ লাখ ৮৭ হাজার ৯২৬টি উত্তরপত্র পুনর্নিরীক্ষণের আবেদন করে।এর মধ্যে লিখিত পরীক্ষার উত্তরপত্রের জন্য ১০ লাখ ৫৬ হাজার ৪৫৫টি এবং ব্যবহারিক পরীক্ষার জন্য ২ লাখ ৩১ হাজার ৪৭১টি আবেদন জমা পড়ে।একজন পরীক্ষার্থী একাধিক বিষয়ের উত্তরপত্র পুনর্নিরীক্ষণের আবেদন করতে পারে। এ কারণে পরীক্ষার্থীর সংখ্যার তুলনায় আবেদনের সংখ্যা বেশি হয়েছে।গত ১১ আগস্ট থেকে ১৭ আগস্ট পর্যন্ত পুনর্নিরীক্ষণের জন্য আবেদন নেওয়া হয়।বোর্ড সূত্রে জানা গেছে, সবচেয়ে বেশি আবেদন পড়েছে ঢাকা শিক্ষা বোর্ডে। এ বোর্ডের ৯৪ হাজার ২৩৬ জন পরীক্ষার্থী লিখিত পরীক্ষার ২ লাখ ৭৭ হাজার ৬৬৫টি এবং ব্যবহারিক পরীক্ষার ৫৮ হাজার ১২টি উত্তরপত্র পুনর্নিরীক্ষণের আবেদন করে।এ ছাড়া কুমিল্লা শিক্ষা বোর্ডে ৩৫ হাজারের বেশি, রাজশাহীতে ৩৯ হাজারের বেশি, যশোরে ২৮ হাজারের বেশি, চট্টগ্রামে ৩৯ হাজারের বেশি, বরিশালে ১৭ হাজারের বেশি, সিলেটে ২০ হাজারের বেশি, দিনাজপুরে ৩৭ হাজারের বেশি এবং ময়মনসিংহ শিক্ষা বোর্ডে ২৭ হাজার ৬৭৬ জন পরীক্ষার্থী পুনর্নিরীক্ষণের আবেদন করে।অন্যদিকে, মাদ্রাসা শিক্ষা বোর্ডে ৪০ হাজারের বেশি এবং কারিগরি শিক্ষা বোর্ডে ২০ হাজারের বেশি পরীক্ষার্থী ফল পুনর্নিরীক্ষণের আবেদন করেছে।পুনর্নিরীক্ষণের ফল প্রকাশের মধ্য দিয়ে এবার এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফলের মূল্যায়ন প্রক্রিয়া শেষ হলো।