বাংলাদেশের এভিয়েশন খাতের উন্নয়নে পূর্ণ সহযোগিতার আশ্বাস আইকাও'র
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল খাতের উন্নয়ন বিশেষ করে বিমান চলাচলের নিরাপত্তা ও সুরক্ষা আরও জোরদারে নেওয়া উদ্যোগে আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থা (আইকাও) পূর্ণ সহযোগিতার আশ্বাস দিয়েছে।বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত পূর্ণ মন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় তাকে অভিনন্দন জানিয়ে সম্প্রতি পাঠানো এক চিঠিতে আইকাও এ আশ্বাস দেয়।আইকাও কাউন্সিলের প্রেসিডেন্ট তোশিউকি ওনুমা এবং মহাসচিব হুয়ান কার্লোস সালাজার নতুন দায়িত্ব গ্রহণ করায় মন্ত্রীকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান।আইকাওর এই দুই শীর্ষ কর্মকর্তা বলেন, আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচলের আরও উন্নয়ন এবং এ খাতে নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করতে সংস্থাটি বাংলাদেশের সঙ্গে পূর্ণ সহযোগিতা অব্যাহত রাখবে।আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচলের মানদণ্ড ও সুপারিশকৃত কার্যপদ্ধতি প্রণয়নে আইকাও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। একই সঙ্গে সংস্থাটি সদস্য দেশগুলোর সঙ্গে কাজ করে নিরাপদ, সুরক্ষিত ও সুশৃঙ্খলভাবে বিমান চলাচল খাতের বিকাশে সহযোগিতা করে।বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল খাতের উন্নয়ন, বিমানবন্দর অবকাঠামোর আধুনিকায়ন এবং আন্তর্জাতিক মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্য রেখে বিমান চলাচলের নিরাপত্তা ও সুরক্ষা জোরদারে আইকাওর সহযোগিতা গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হয়।চিঠিতে আইকাওর শীর্ষ দুই কর্মকর্তা মন্ত্রী মিল্লাতের নতুন দায়িত্ব পালনে তার সর্বাত্মক সাফল্য কামনা করেন।সূত্র: বাসস।