• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১৬ই আশ্বিন ১৪৩৩ রাত ০৮:৫০:১০ (01-Oct-2026)
  • - ৩৩° সে:
বিদেশি অপারেটরের হাতে যাচ্ছে এনসিটি, মেয়াদ ১৫ বছর

বিদেশি অপারেটরের হাতে যাচ্ছে এনসিটি, মেয়াদ ১৫ বছর

ডেস্ক রিপোর্ট: চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কন্টেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনার ভার বিদেশি অপারেটরদের হাতে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আন্দোলনের মধ্যেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।১ অক্টোবর বৃহস্পতিবার অর্থ মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে এনসিটির দায়িত্ব আন্তর্জাতিক অপারেটরের হাতে তুলে দেওয়ার খসড়া চুক্তি অনুমোদনের কথা বলা হয়েছে।এতে সভাপতিত্ব করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। নৌপরিবহন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রস্তাবটি বৈঠকে উপস্থাপন করে।সরকারি-বেসরকারি অংশীদারত্ব (পিপিপি) প্রকল্পের আওতায় ‘অপারেশন অ্যান্ড মেইনটেন্যান্স অব সিপিএ’স নিউ মুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) ইনক্লুডিং ওভারফ্লো ইয়ার্ড (ওসিওয়াই)’ শীর্ষক প্রকল্পের অধীনে এনসিটি পরিচালিত হবে।চুক্তি অনুযায়ী, আন্তর্জাতিক টার্মিনাল অপারেটরটি ১৫ বছর টার্মিনালটির পরিচালনা ও রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকবে।এনসিটি পরিচালনার জন্য সংযুক্ত আরব আমিরাতের প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ড প্রস্তাব দেওয়ার পর থেকে বিষয়টি নিয়ে নানা আলোচনা-সমালোচনা হয়। এ বিষয়ে সরকার প্রক্রিয়া চালালেও শুরু থেকে এনসিটি বিদেশিদের হাতে দেওয়ার বিরোধিতা করে আসছে বিভিন্ন শ্রমিক ও রাজনৈতিক সংগঠন। ধারাবাহিকভাবে আন্দোলনও করছেন তারা। এমন পরিস্থিতিতে অনুমোদন পেল খসড়া চুক্তি।এনসিটি পরিচালনার দায়িত্ব কোন বিদেশি অপারেটরকে দেওয়া হয়েছে, সেটি বলা হয়নি বিজ্ঞপ্তিতে। তবে দুবাইভিত্তিক কোম্পানি ডিপি ওয়ার্ল্ডকে এ টার্মিনাল ইজারা দেওয়ার বিষয়ে শুরু থেকে আলোচনা হয়েছে।এর আগে, ২০২৩ সালের ২৩ মার্চ অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি প্রকল্পটির চুক্তি প্রক্রিয়া এগিয়ে নেওয়ার বিষয়ে প্রাথমিক নীতিগত অনুমোদন দিয়েছিল। এবার ১৫ বছরের জন্য টার্মিনাল পরিচালনার খসড়া কনসেশন চুক্তি অনুমোদনের সুপারিশ করা হলো।বর্তমানে বাংলাদেশ নৌবাহিনীর প্রতিষ্ঠান চিটাগং ড্রাই ডক কোম্পানি লিমিটেড (সিডিডিএল) টার্মিনালটি পরিচালনা করছে। বছরে প্রায় ১৩ লাখ একক কনটেইনার (টিইইউ) এই টার্মিনাল দিয়ে হ্যান্ডলিং হয়, যা চট্টগ্রাম বন্দরের মোট কনটেইনার হ্যান্ডলিংয়ের প্রায় ৪৪ শতাংশ।