একুশে পদক প্রদান ও বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ২৬ ফেব্রুয়ারি বৃহস্পতিবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে একুশে পদক প্রদান করবেন। একই দিন বিকেলে তিনি বাংলা একাডেমি প্রাঙ্গণে অমর একুশে বইমেলার উদ্বোধন করবেন।২২ ফেব্রুয়ারি রোববার সরকারি এক তথ্য বিবরণীতে এ তথ্য জানানো হয়।সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী জানান, সকাল ১১টায় প্রধানমন্ত্রী দেশের বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে গুণিজনদের হাতে একুশে পদক তুলে দেবেন। পরে বিকেলে বাংলা একাডেমি প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অমর একুশে বইমেলার উদ্বোধন ঘোষণা করবেন।এবারের বইমেলায় অংশগ্রহণকারী প্রকাশনা প্রতিষ্ঠানগুলোর স্টল ভাড়া সম্পূর্ণ মওকুফ করেছে সরকার। সংশ্লিষ্টরা জানিয়েছেন, দুটি অনুষ্ঠান ঘিরে ইতোমধ্যে প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে।২০২৬ সালের একুশে পদকের জন্য মনোনীত হয়েছেন ৯ জন বিশিষ্ট ব্যক্তি ও একটি সংগীত দল। তারা হলেন- চলচ্চিত্রে ফরিদা আক্তার ববিতা, চারুকলায় অধ্যাপক আবদুস সাত্তার, স্থাপত্যে মেরিনা তাবাশ্যুম, সংগীতে আইয়ুব বাচ্চু (মরণোত্তর), নাট্যকলায় ইসলাম উদ্দিন পালাকার, সাংবাদিকতায় শফিক রেহমান, শিক্ষায় অধ্যাপক মাহবুবুল আলম মজুমদার, ভাস্কর্যে তেজস হালদার যশ ও নৃত্যকলায় অর্থী আহমেদ।এছাড়া সংগীত দল ওয়ারফেজকে প্রতিষ্ঠান হিসেবে একুশে পদকের জন্য মনোনীত করা হয়েছে।রাষ্ট্রের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা ‘একুশে পদক’ ১৯৭৬ সাল থেকে বিভিন্ন ক্ষেত্রে অনন্য অবদানের স্বীকৃতি হিসেবে প্রদান করা হচ্ছে। নীতিমালা অনুযায়ী, মনোনীত প্রত্যেক ব্যক্তি বা প্রতিষ্ঠানকে এককালীন চার লাখ টাকা, ৩৫ গ্রাম ওজনের একটি স্বর্ণপদক, রেপ্লিকা ও সম্মাননাপত্র দেওয়া হয়।