‘প্রতিবছর ৫ হাজার তরুণকে ২০ লাখ টাকা ঋণ সুবিধা দেওয়া হবে’
ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন জানিয়েছেন, বাংলাদেশ ব্যাংক থেকে প্রতিবছর ৫ হাজার তরুণকে ২০ লাখ টাকা ঋণ সুবিধা দেয়া হবে। ১৬ সেপ্টেম্বর বুধবার দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।মাহদী আমিন জানান, বিশ্ববিদ্যালয় ও কলেজ পর্যায়ে কারিগরি শিক্ষাকে বাধ্যতামূলক করা হয়েছে। উচ্চশিক্ষায় শীর্ষ ৫ শতাংশ মেধাবী শিক্ষার্থীকে শতভাগ সরকারি শিক্ষাবৃত্তি এবং এসএসসি পরীক্ষায় শীর্ষ মেধাবীদের বিনামূল্যে ল্যাপটপ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। কওমী ও আলিয়া মাদ্রাসার শিক্ষার্থীদের পুষ্টি নিশ্চিতে বিনামূল্যে সুষম খাবার সরবরাহের রূপরেখা প্রণয়ন করা হয়েছে। এ ছাড়া শিক্ষক দিবস উপলক্ষে সেরা ১০০ জন শিক্ষককে ১ লাখ টাকা করে পুরস্কার দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার।জুলাই বিপ্লবের শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী ৭৪ জন শহিদের পরিবারের সদস্যদের হাতে সরকারি চাকরির নিয়োগপত্র তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অন্যদিকে, ফ্যাসিবাদী সরকারের দোসর হিসেবে কাজ করা ৭ জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে এবং তাদের স্থাবর-অস্থাবর সম্পত্তির ৫০ শতাংশ বাজেয়াপ্ত করে জুলাই ফাউন্ডেশনে দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।প্রবাসী আয়ের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা বলেন, বৈশ্বিক অর্থনৈতিক সংকটের মধ্যেও গত ৬ মাসে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স ১৩.১ শতাংশ বৃদ্ধি পেয়েছে (প্রায় ১ হাজার ৮৯৪ কোটি ডলার)। সম্পূর্ণ বিনামূল্যে ১০ হাজার বাংলাদেশি কর্মীকে মালয়েশিয়ায় পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এ ছাড়া যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশের সঙ্গে বাণিজ্য চুক্তি এবং বন্যাদুর্গত নেপালে ১ মিলিয়ন ডলারের মানবিক সহায়তা পাঠিয়েছে বাংলাদেশ।সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।