• ঢাকা
  • |
  • সোমবার ১৮ই ফাল্গুন ১৪৩২ বিকাল ০৩:২০:১১ (02-Mar-2026)
  • - ৩৩° সে:
শিবচরে ৩২ কেজি ওজনের সামুদ্রিক কচ্ছপ উদ্ধার, পদ্মায় অবমুক্ত

শিবচরে ৩২ কেজি ওজনের সামুদ্রিক কচ্ছপ উদ্ধার, পদ্মায় অবমুক্ত

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি: মাদারীপুরের শিবচর থেকে ৩২ কেজি ৫০০ গ্রাম ওজনের একটি বিশালাকৃতির সামুদ্রিক কচ্ছপ উদ্ধার করেছে উপজেলা মৎস্য বিভাগ। পরে কচ্ছপটি নিরাপদে পদ্মা নদীতে অবমুক্ত করা হয়েছে।স্থানীয় সূত্রে জানা যায়, ১ মার্চ রোববার দুপুরে শিবচর বাজার এলাকায় একটি চক্র কচ্ছপটি বিক্রির উদ্দেশ্যে নিয়ে আসে। বিষয়টি প্রশাসনের নজরে আসার পর দ্রুত অভিযান পরিচালনা করা হয়। তবে প্রশাসনের উপস্থিতি টের পেয়ে পাচারকারী চক্র কচ্ছপটিকে সরকারি বরহামগঞ্জ কলেজ সংলগ্ন সড়কের পাশে রশি দিয়ে বেঁধে রেখে পালিয়ে যায়।শিবচর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সত্যজিৎ মজুমদার ও শিবচর থানা পুলিশের একটি দল কচ্ছপটিকে উদ্ধার করেন। পরে সেটিকে উপজেলা মৎস্য বিভাগের হেফাজতে নেওয়া হয়। এসময় ওজন মেপে ৩২ কেজি ৫০০ গ্রাম। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি একটি সামুদ্রিক প্রজাতির কচ্ছপ। কচ্ছপটি হয়তো নদীপথে চলে এসেছে বা পাচারকারীরা উপকূলীয় এলাকা থেকে এনে বিক্রির চেষ্টা করছিল।মৎস্য বিভাগের পক্ষ থেকে কচ্ছপটির শারীরিক অবস্থা পরীক্ষা করে নিশ্চিত হওয়া যায় যে, এটি সুস্থ রয়েছে। পরে কচ্ছপটিকে কাঁঠালবাড়ি সংলগ্ন পদ্মা নদীতে অবমুক্ত করা হয়।শিবচর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সত্যজিৎ মজুমদার বলেন, ‘খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা পুলিশসহ ঘটনাস্থলে যাই এবং কচ্ছপটি উদ্ধার করি। এটি বড় আকৃতির সামুদ্রিক প্রজাতির বলে ধারণা করা হচ্ছে। বন্যপ্রাণী ও জলজ জীববৈচিত্র্য রক্ষায় আমরা কচ্ছপটিকে তার উপযোগী পরিবেশে অবমুক্ত করেছি।’