• ঢাকা
  • |
  • বুধবার ১৫ই আশ্বিন ১৪৩৩ দুপুর ০১:৪৯:১৮ (30-Sep-2026)
  • - ৩৩° সে:
৫৯ বছর বয়সে সরকারি শিক্ষক হিসেবে নিয়োগ পেলেন বিজয়কুমার

৫৯ বছর বয়সে সরকারি শিক্ষক হিসেবে নিয়োগ পেলেন বিজয়কুমার

আন্তর্জাতিক ডেস্ক: যে বয়সে অনেকেই অবসরের প্রস্তুতি নেন, সেই বয়সে সরকারি চাকরিতে যোগ দিয়ে দীর্ঘদিনের স্বপ্ন পূরণ করেছেন ভারতের উত্তরপ্রদেশের বাগপতের বাসিন্দা বিজয়কুমার শর্মা। ৫৯ বছর আট মাস বয়সে সরকারি স্কুলের সংস্কৃত বিষয়ের শিক্ষক হিসেবে নিয়োগ পেয়েছেন তিনি।দীর্ঘ ২৭ বছরের চেষ্টা ও একাধিকবার ব্যর্থতার পর অবশেষে সরকারি শিক্ষক হওয়ার সুযোগ পেলেন বিজয়কুমার। গত ২২ সেপ্টেম্বর লখনউয়ের ইন্দিরা গান্ধী প্রতিষ্ঠানে আয়োজিত এক অনুষ্ঠানে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের কাছ থেকে সরাসরি নিয়োগপত্র গ্রহণ করেন তিনি।১৯৯৯ সাল থেকে উত্তরপ্রদেশের সরকারি শিক্ষক নিয়োগ পরীক্ষায় অংশ নিয়ে আসছিলেন বিজয়কুমার। লিখিত পরীক্ষায় একাধিকবার উত্তীর্ণ হলেও ইন্টারভিউয়ে গিয়ে বারবার বাদ পড়েছেন। আটবার ইন্টারভিউয়ের সুযোগ পেলেও চূড়ান্ত তালিকায় জায়গা হয়নি তাঁর।এ পর্যন্ত ছয়বার প্রশিক্ষিত স্নাতক শিক্ষক এবং চারবার স্নাতকোত্তর শিক্ষক পদের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন তিনি। এবারের নিয়োগ প্রক্রিয়ায় ইন্টারভিউ না থাকায় শুধু লিখিত পরীক্ষার ফলের ভিত্তিতেই চূড়ান্তভাবে নির্বাচিত হন বিজয়কুমার।পরিবারের দায়িত্ব সামলানোর পাশাপাশি দীর্ঘদিন শিক্ষকতাও করেছেন তিনি। ২০০৩ সাল থেকে বাগপতের বাড়াউতের একটি বেসরকারি স্কুলে শিক্ষকতা করছেন। সেখানে পড়ানোর পাশাপাশি নিজের সরকারি চাকরির পরীক্ষার প্রস্তুতিও চালিয়ে গেছেন। তাঁর এই দীর্ঘ যাত্রায় শিক্ষার্থী ও কর্মক্ষেত্রের সহকর্মীদের সহযোগিতার কথাও জানিয়েছেন তিনি।বিজয়কুমারের এক মেয়েও শিক্ষক পদের জন্য নির্বাচিত হয়ে বর্তমানে অপেক্ষমাণ তালিকায় রয়েছেন। তাঁর দুই ছেলে উত্তরপ্রদেশ পুলিশে কর্মরত।এবার শ্যামলী জেলার একটি সরকারি সাহায্যপ্রাপ্ত মাধ্যমিক বিদ্যালয়ে সংস্কৃত বিষয়ের প্রশিক্ষিত স্নাতক শিক্ষক হিসেবে নিয়োগ পেয়েছেন বিজয়কুমার।উত্তরপ্রদেশে শিক্ষকদের অবসরের বয়স ৬২ বছর। ফলে অবসরের মাত্র কয়েক বছর আগে সরকারি শিক্ষক হওয়ার সুযোগ পেলেন তিনি। দীর্ঘদিনের অপেক্ষার পর পাওয়া এই চাকরিকে জীবনের অন্যতম বড় অর্জন হিসেবে দেখছেন বিজয়কুমার।সূত্র: আনন্দবাজার অনলাইন