কুমিল্লা সার্কিট হাউসে উইপোকা, মধ্যরাতে কক্ষ ছাড়লেন বিরোধীদলীয় উপনেতা
ডেস্ক রিপোর্ট: কুমিল্লা সার্কিট হাউসে বরাদ্দকৃত কক্ষে প্রচুর উইপোকার উপদ্রব দেখতে পেয়ে রাত্রিযাপন না করেই চলে গেছেন বিরোধীদলীয় উপনেতা ও জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের।কক্ষ পরিবর্তনের অনুরোধ জানানো হলেও প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিক বিকল্প ব্যবস্থা না পাওয়ায় শুক্রবার রাতে তিনি সার্কিট হাউস ত্যাগ করেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।সূত্র জানায়, ১১ দলীয় জোটের দেশব্যাপী লংমার্চ কর্মসূচিতে অংশ নিতে শুক্রবার রাত ৮টা ৪৫ মিনিটে ঢাকা থেকে কুমিল্লা সার্কিট হাউসে পৌঁছান কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনের সংসদ সদস্য ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের।রাত্রিযাপনের জন্য তার নামে সার্কিট হাউসের ‘রাধাচূড়া-২০২’ নম্বর কক্ষটি বরাদ্দ ছিল। রাত ১০টার দিকে বিশ্রাম নিতে গিয়ে তিনি কক্ষজুড়ে প্রচুর উইপোকা দেখতে পান।এ অবস্থায় তিনি দায়িত্বপ্রাপ্ত কর্মচারীকে কক্ষ পরিবর্তনের ব্যবস্থা করতে বলেন এবং একটি কম্বলও চান। তবে কর্মচারীরা তাৎক্ষণিকভাবে কক্ষ পরিবর্তনের ব্যবস্থা করতে পারেননি।পরে তার সহকারী একান্ত সচিব (এপিএস) আরিফুর রহমান বিষয়টি কুমিল্লার নেজারত ডেপুটি কালেক্টরকে (এনডিসি) জানান। এরপরও দ্রুত কোনো বিকল্প কক্ষ বা আবাসনের ব্যবস্থা করা হয়নি বলে অভিযোগ করা হয়েছে।দীর্ঘ সময় অপেক্ষার পরও সমাধান না হওয়ায় একপর্যায়ে সার্কিট হাউসে রাত্রিযাপন না করেই সেখান থেকে চলে যান বিরোধীদলীয় উপনেতা।ঘটনাটি নিয়ে কুমিল্লা সার্কিট হাউসের রক্ষণাবেক্ষণ ও অতিথি ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন উঠেছে। গুরুত্বপূর্ণ একজন অতিথির কক্ষে এমন পরিস্থিতি তৈরি হওয়ার পরও কেন তাৎক্ষণিক বিকল্প ব্যবস্থা করা হয়নি, তা নিয়েও আলোচনা চলছে।ঘটনাটিকে ‘অত্যন্ত দুঃখজনক’ উল্লেখ করে কুমিল্লা মহানগর জামায়াতের সেক্রেটারি মু. মাহবুবর রহমান ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন, ‘কুমিল্লা সার্কিট হাউসের মতো জায়গায় এমন চরম অব্যবস্থাপনার বিষয়টি খুবই দুঃখজনক।’সূত্র: কাল বেলা