নারায়ণগঞ্জে অতিরিক্ত ভাড়া আদায়, দুই পরিবহনকে জরিমানা
নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে দুইটি পরিবহনকে মোট ৮ হাজার ৫০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।১৭ মার্চ মঙ্গলবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন র্যাব-১১-এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার নাঈম উল হক।র্যাব জানায়, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নারায়ণগঞ্জ থেকে দেশের বিভিন্ন অঞ্চলে যাতায়াতকারী যাত্রীদের কাছ থেকে নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে জনমনে উদ্বেগ সৃষ্টি হলে আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ কামনা করা হয়।এরপর জেলা প্রশাসনের সঙ্গে যৌথভাবে সিদ্ধিরগঞ্জ থানার চিটাগাং রোড ও কাঁচপুর এলাকায় বিভিন্ন বাস কাউন্টারে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।অভিযানে অতিরিক্ত ভাড়া আদায়ের প্রমাণ পাওয়ায় নীলাচল পরিবহন-কে ৪ হাজার ৩০০ টাকা এবং ইকোনো পরিবহনকে ৪ হাজার ২০০ টাকা জরিমানা করা হয়।র্যাব জানায়, ঈদযাত্রায় যাত্রীদের ভোগান্তি কমানো এবং নির্ধারিত ভাড়া নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।