• ঢাকা
  • |
  • শনিবার ৭ই ভাদ্র ১৪৩৩ সকাল ১০:১২:৪৫ (22-Aug-2026)
  • - ৩৩° সে:
অনলাইনে চাঁদপুরের ইলিশ বিক্রির নামে প্রতারণা, গ্রেফতার ২

অনলাইনে চাঁদপুরের ইলিশ বিক্রির নামে প্রতারণা, গ্রেফতার ২

অনলাইন ডেস্ক: সামাজিক যোগাযোগ মাধ্যমে ইলিশ মাছসহ বিভিন্ন পণ্য বিক্রির বিজ্ঞাপন দিয়ে প্রতারণার অভিযোগে সংঘবদ্ধ চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে চাঁদপুর জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাদের কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত পাঁচটি মোবাইল ফোন, সিমকার্ড ও নগদ ৬০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।২১ আগস্ট শুক্রবার বিকেলে চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মো. লুৎফর রহমান এই তথ্য জানান। গ্রেফতার দুজন হলেন, মো. হাবিবুর রহমান ওরফে সাজিদ (৪১) এবং মো. রকিবুল হাসান নয়ন ওরফে রাব্বী (৩৬)।অতিরিক্ত পুলিশ সুপার জানান, চাঁদপুর সদর মডেল থানায় দায়ের করা সাধারণ ডায়েরি ও বিভিন্ন ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে নড়াইলের কালিয়া উপজেলার পুরুলিয়া ইউনিয়নের নোয়াগ্রাম ও চাঁদপুর মধ্যপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। চক্রটি ফেসবুকের বিভিন্ন পেজে ইলিশ মাছসহ বিভিন্ন পণ্য বিক্রির আকর্ষণীয় বিজ্ঞাপন দিত। পরে পণ্য সরবরাহের কথা বলে মোবাইল ব্যাংকিং ও ব্যাংক হিসাবের মাধ্যমে ক্রেতাদের কাছ থেকে টাকা নিয়ে প্রতারণা করত।প্রাথমিক অনুসন্ধানে গ্রেফতার ব্যক্তিদের দীর্ঘদিন ধরে সহযোগীদের সঙ্গে যোগসাজশে অনলাইন প্রতারণার সঙ্গে জড়িত থাকার তথ্য পাওয়া গেছে বলেও জানান তিনি।গ্রেফতার দুজনকে সাইবার সুরক্ষা আইন, ২০২৬ ও দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারায় মামলায় অভিযুক্ত করে আদালতে পাঠানো হয়েছে।এ বিষয়ে চাঁদপুরের পুলিশ সুপার মো. মিজানুর রহমান অনলাইনে পণ্য কেনাবেচার ক্ষেত্রে অপরিচিত ব্যক্তি বা ফেসবুক পেজে লেনদেনের আগে যথাযথ যাচাই-বাছাই করার আহ্বান জানান।সূত্র: যমুনা টিভি