ইমাম মাহদীর আগমন দ্রুততর হওয়ার প্রার্থনা মোজতবা খামেনির
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার মুখে ইরানের জাতীয় নিরাপত্তা রক্ষায় পুলিশ বাহিনীর ভূমিকা ও আত্মত্যাগের প্রশংসা করেছেন দেশটির সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক আয়াতুল্লাহ মোজতবা খামেনি। একই সঙ্গে ইমাম মাহদীর আগমন দ্রুততর হওয়ার জন্য প্রার্থনা করেছেন তিনি।৯ অক্টোবর শুক্রবার ইরানের সংবাদমাধ্যম তাসনিম নিউজ এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।বার্তায় মোজতবা খামেনি বলেন, নিরাপত্তা মহান আল্লাহর অন্যতম শ্রেষ্ঠ নেয়ামত। ইরানের বড় শহর থেকে শুরু করে প্রত্যন্ত সীমান্ত এলাকা পর্যন্ত নিরাপত্তা বজায় রাখতে পুলিশ বাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।তিনি আশা প্রকাশ করেন, ইমাম মাহদীর দোয়া ও বরকতে ইরানের নিরাপত্তা, শক্তি ও মর্যাদা আরও বৃদ্ধি পাবে এবং এ লক্ষ্য অর্জনে পুলিশ সদস্যরা ধারাবাহিক সাফল্য পাবেন।ইরানের বিরুদ্ধে চাপিয়ে দেওয়া দ্বিতীয় ও তৃতীয় যুদ্ধের সময় পুলিশ বাহিনীর ভূমিকার কথা উল্লেখ করে খামেনি বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি শত্রুপক্ষ পুলিশ বাহিনীর শীর্ষ পর্যায় থেকে শুরু করে সামনের সারির সদস্যদের ওপর বারবার হামলার চেষ্টা করেছে। তবে এসব হামলা সত্ত্বেও পুলিশ সদস্যরা দায়িত্ব পালনে অবিচল ছিলেন।বার্তায় পুলিশ বাহিনীকে আরও শক্তিশালী করার ওপরও গুরুত্বারোপ করেন তিনি। এ জন্য কৃত্রিম বুদ্ধিমত্তাসহ আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং জনবল, সরঞ্জাম ও প্রযুক্তিগত ব্যবস্থার সামগ্রিক উন্নয়নের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।পরিশেষে পুলিশ বাহিনীর প্রধান কমান্ডারসহ সব সদস্যের নিষ্ঠা ও দায়িত্বশীলতার জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান মোজতবা খামেনি।সূত্র: তাসনিম নিউজ এজেন্সি