৪ দিন বন্ধ থাকবে ইন্টারনেট ব্যাংকিং
অনলাইন ডেস্ক: আসন্ন জাতীয় নির্বাচনে টাকার অপব্যবহার রোধে মোবাইল ব্যাংকিং সেবা (এমএফএস) ও ইন্টারনেট ব্যাংকিং সেবায় সাময়িক সীমাবদ্ধতা আরোপ করেছে বাংলাদেশ ব্যাংক।নির্দেশনা অনুযায়ী, ৯ ফেব্রুয়ারি সোমবার থেকে ১২ ফেব্রুয়ারি রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত মোট চার দিন ইন্টারনেট ব্যাংকিংসহ বিভিন্ন ব্যাংক অ্যাপের মাধ্যমে ব্যক্তি থেকে ব্যক্তিতে (পি-টু-পি) টাকা পাঠানো বন্ধ থাকবে।রোববার কেন্দ্রীয় ব্যাংকের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্ট-১ থেকে জারি করা নির্দেশনায় বলা হয়, আসন্ন নির্বাচনে এমএফএস ও এনপিএসবি’র আওতাধীন আইবিএফটি’র মাধ্যমে লেনদেনের অপব্যবহার রোধে ৯ ফেব্রুয়ারি সোমবার থেকে ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত (৯৬ ঘণ্টা) এসব সেবায় সীমা নির্ধারণ করা হয়েছে।পাশাপাশি, ভোট উপলক্ষে এমএফএস সংক্রান্ত অভিযোগ গ্রহণ ও নিষ্পত্তির জন্য প্রতিটি মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস প্রোভাইডারকে নিজস্ব কুইক রেসপন্স সেল গঠনের নির্দেশ দেওয়া হয়েছে। এ সময়ে সব ধরনের লেনদেন নিবিড় পর্যবেক্ষণে রাখা হবে এবং সন্দেহজনক বা অস্বাভাবিক লেনদেন দ্রুত সংশ্লিষ্ট থানায় জানাতে বলা হয়েছে।একই সঙ্গে এ ৯৬ ঘণ্টায় পি-টু-পি ইন্টারনেট ব্যাংকিং (আইবিএফটি’র মাধ্যমে) সম্পূর্ণ বন্ধ থাকবে এবং এমএফএস প্রোভাইডার ও ব্যাংকগুলো নির্বাচন কমিশন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করবে।