• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১৯শে চৈত্র ১৪৩২ বিকাল ০৩:৫২:১৩ (02-Apr-2026)
  • - ৩৩° সে:
বাগেরহাটের ‘চন্দ্র মহল’ ইকো পার্ক ঘিরে স্থানীয়দের নানা অভিযোগ

বাগেরহাটের ‘চন্দ্র মহল’ ইকো পার্ক ঘিরে স্থানীয়দের নানা অভিযোগ

বাগেরহাট প্রতিনিধি: একসময় পারিবারিক বিনোদন কেন্দ্র হিসেবে পরিচিত বাগেরহাট সদর উপজেলার রনজিৎপুর এলাকার ‘চন্দ্র মহল’ ইকো পার্ক এখন যেন ভিন্ন এক বাস্তবতার প্রতিচ্ছবি। স্থানীয়দের অভিযোগ, বিনোদনের আড়ালে এখানে গড়ে উঠেছে অনৈতিক কর্মকাণ্ডের এক নীরব কেন্দ্র, যা দিন দিন ভয়াবহ আকার ধারণ করছে।স্থানীয়দের সঙ্গে কথা বলে এবং সরেজমিন পর্যবেক্ষণে জানা গেছে, পার্কের ভেতরের কিছু নির্জন স্থান দীর্ঘদিন ধরে অসামাজিক কর্মকাণ্ডের জন্য ব্যবহৃত হচ্ছে। দিনের আলোয়ও সেখানে সন্দেহজনক চলাফেরা দেখা যায়, আর সন্ধ্যার পর পরিস্থিতি আরও অস্বস্তিকর হয়ে ওঠে।নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক স্থানীয় বাসিন্দা জানিয়েছেন, এখানে কী হয়, সেটা সবাই জানে। কিন্তু কেউ মুখ খোলে না। পরিবার নিয়ে যাওয়া এখন আর সম্ভব না।স্থানীয় অভিভাবকদের মতে, পার্কটির এমন পরিস্থিতি আশপাশের তরুণ ও শিক্ষার্থীদের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে। তারা আশঙ্কা করছেন, দ্রুত ব্যবস্থা না নিলে এটি একটি বড় সামাজিক সংকটে রূপ নিতে পারে।স্থানীয় বাসিন্দা শেখ সুরাইয়া খাতুন বলেন, এটা শুধু একটি পার্কের বিষয় না, এটা আমাদের সমাজের ভবিষ্যতের প্রশ্ন। এখনই কঠোর ব্যবস্থা না নিলে অবস্থা নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে।দর্শনার্থী মো. আকাশ বলেন, পরিবার নিয়ে ঘুরতে এসে বিব্রত হতে হয়েছে। কিছু দৃশ্য একেবারেই অস্বস্তিকর, যা প্রকাশ করাও কঠিন।স্থানীয়দের অভিযোগ, এসব ঘটনার বিষয়ে পার্ক কর্তৃপক্ষ অবগত থাকলেও দৃশ্যমান কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। নিরাপত্তা ও নজরদারির ঘাটতিই পরিস্থিতিকে জটিল করে তুলছে।এ বিষয়ে পার্কের ভারপ্রাপ্ত ম্যানেজার বাচ্চু মাতুব্বর বলেন, আমি নতুন দায়িত্ব নিয়েছি। বিষয়টি খতিয়ে দেখে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।বাগেরহাট সদর মডেল থানার ওসি তদন্ত কর্মকর্তা মো. শহিদুল বলেন, আপনাদের মাধ্যমে বিষয়টি প্রথম জানতে পারলাম। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।