এশিয়ায় প্রথমবার ইউরোভিশন, মঞ্চ মাতাতে প্রস্তুত তারকারা
বিনোদন ডেস্ক: বিশ্বের অন্যতম জনপ্রিয় আন্তর্জাতিক সংগীত প্রতিযোগিতা ইউরোভিশন এবার প্রথমবারের মতো এশিয়ায় অনুষ্ঠিত হচ্ছে। প্রতিযোগিতাটির ৭০ বছর পূর্তি উপলক্ষে ইউরোপের বাইরে নতুন দর্শকদের কাছে পৌঁছানোর উদ্যোগ নিয়েছে ইউরোপিয়ান ব্রডকাস্টিং ইউনিয়ন (ইবিইউ)।১৪ নভেম্বর শনিবার থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে বসছে ‘ইউরোভিশন এশিয়া’র প্রথম গ্র্যান্ড ফাইনাল।বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ১৯৫৬ সালে ইউরোপের দেশগুলোর মধ্যে সাংস্কৃতিক বিনিময় ও ঐক্য বাড়ানোর উদ্দেশ্যে ইউরোভিশনের যাত্রা শুরু হয়। দীর্ঘ সাত দশকে এটি ইউরোপের অন্যতম বড় সাংস্কৃতিক আয়োজনে পরিণত হয়েছে। এবার সেই আয়োজন ছড়িয়ে পড়ছে এশিয়ায়।প্রথম আসরে স্বাগতিক থাইল্যান্ডসহ ১১টি দেশ অংশ নিচ্ছে। দেশগুলো হলো মালয়েশিয়া, ফিলিপাইন, ভিয়েতনাম, কম্বোডিয়া, লাওস, দক্ষিণ কোরিয়া, মঙ্গোলিয়া, বাংলাদেশ, নেপাল ও ভুটান। তবে ভারত, চীন, জাপান ও ইন্দোনেশিয়ার মতো বড় দেশগুলো এবার অংশ নিচ্ছে না। আগামী আসরে তাদের যুক্ত করার বিষয়ে আলোচনা চলছে।এবারের প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করছে ছয় সদস্যের সংগীত দল ‘বিটমোস্ফিয়ার’। তাদের পরিবেশনার নাম ‘তুমি এলে’। গানটির বিশেষত্ব হলো, এটি অ্যাকাপেলা ও বিটবক্সিংনির্ভর। অর্থাৎ বাদ্যযন্ত্রের ব্যবহার ছাড়াই কণ্ঠের মাধ্যমে সংগীত পরিবেশন করবে দলটি।প্রতিযোগিতায় বিজয়ী নির্ধারণ করা হবে দর্শকদের ভোট ও জাতীয় বিচারকদের নম্বরের সমন্বয়ে। দুই পক্ষের ভোটের মূল্যায়ন হবে ৫০ শতাংশ করে। প্রতিযোগীরা নিজেদের দেশের শিল্পীকে ভোট দিতে পারবেন না। নিবন্ধনের পর প্রত্যেকে আটটি ভোট পাবেন, যা অন্তত তিনটি দেশের শিল্পীর মধ্যে ভাগ করে দিতে হবে।প্রতিযোগিতার নিয়ম অনুযায়ী, প্রতিটি পরিবেশনার সময় সর্বোচ্চ তিন মিনিট এবং মঞ্চে থাকতে পারবেন ছয়জন। এদিকে আয়োজনের বাজেট কমে যাওয়ায় প্রস্তুতিতে কিছুটা জটিলতা তৈরি হয়েছে। মহড়ার শব্দ ও আলোকসজ্জা নিয়েও সমালোচনা করেছেন ভক্তরা।এবারের প্রতিযোগীদের মধ্যে ভুটানের ২৪ বছর বয়সী শিল্পী থুকতেন নেন্দ্রাও আলোচনায় রয়েছেন। তার গান ‘লহাই সেমো’। অন্যদিকে মালয়েশিয়ার জনপ্রিয় সংগীতশিল্পী আইনা আবদুলের গান ‘ব্লুয়েস্ট স্কাই’কে শক্তিশালী প্রতিদ্বন্দ্বী হিসেবে বিবেচনা করা হচ্ছে।ফিলিপাইনের ১৯ বছর বয়সী কারমেল কলাদোও অংশ নিচ্ছেন। তার গান ‘সোবর-সোবর’। প্রতিযোগিতায় অংশ নেওয়া সবচেয়ে কম বয়সী শিল্পী তিনি।আয়োজকদের আশা, এশিয়ার ১১টি দেশের অংশগ্রহণের মধ্য দিয়ে ইউরোভিশনের নতুন যাত্রা শুরু হবে। সফল হলে ভবিষ্যতে এশিয়ার আরও দেশকে যুক্ত করে প্রতিযোগিতাটির পরিসর বাড়ানো হতে পারে।সূত্র: বিবিসি