ঢাকায় শুরু হচ্ছে ৩০তম ইউএস ট্রেড শো: উদ্বোধন করবেন স্পিকার
নিজস্ব প্রতিবেদক: আমেরিকান চেম্বার অফ কমার্স ইন বাংলাদেশ (অ্যামচ্যাম) এবং ঢাকাস্থ মার্কিন দূতাবাসের যৌথ উদ্যোগে আগামীকাল ৫ নভেম্বর বৃহস্পতিবার থেকে রাজধানী ঢাকায় শুরু হতে যাচ্ছে তিন দিনব্যাপী ‘৩০তম ইউএস ট্রেড শো ২০২৬’।রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলের ক্রিস্টাল বলরুমে আয়োজিত এক জাকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে এই বাণিজ্য প্রদর্শনীর আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে।উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের জাতীয় সংসদের মাননীয় স্পিকার জনাব হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব আবদুল আউয়াল মিন্টু। এছাড়া সম্মানিত অতিথি (গেস্ট অব অনার) হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মি. ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন (H.E. Mr. Brent T. Christensen)।বিজ্ঞপ্তিতে জানানো হয়, তিন দিনব্যাপী এই ট্রেড শোতে যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় পণ্য, বিশ্বমানের সেবা এবং উদ্ভাবনী প্রযুক্তি প্রদর্শন করা হবে। একই সাথে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার বাণিজ্য বৃদ্ধিসহ দ্বিপাক্ষিক বিনিয়োগের নতুন নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করাই এই আয়োজনের মূল লক্ষ্য।বৃহস্পতিবার সকাল ৯টা ৪৫ মিনিটে উদ্বোধনী অনুষ্ঠান শুরু হবে এবং প্রতিদিন সর্বসাধারণ ও ব্যবসায়ীদের জন্য প্রদর্শনী উন্মুক্ত থাকবে।এটিভি/ আরএম