নয়াদিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার হলেন আসাদ আলম সিয়াম
অনলাইন ডেস্ক: ভারতের নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে নতুন হাইকমিশনার হিসেবে পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়ামকে আনুষ্ঠানিক অনুমোদন দিয়েছে ভারত। ২২ সেপ্টেম্বর মঙ্গলবার এক ফেসবুক পোস্টে এ তথ্য জানিয়েছেন নয়াদিল্লির বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার সাইদুর রহমান।পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়ামের একটি ছবি শেয়ার করে অভিনন্দন জানিয়ে পোস্টে তিনি লেখেন, নতুন হাইকমিশনার হিসেবে বাংলাদেশের বর্তমান পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম স্যারের এগরিমো আনুষ্ঠানিক অনুমোদন দিয়েছে ভারত। আজ (২২ সেপ্টেম্বর) দুপুরে ইমেলের মাধ্যমে বাংলাদেশ হাইকমিশন নয়াদিল্লিকে এ তথ্য ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে।এর আগে, এদিন সকালে একাধিক সূত্রের বরাত দিয়ে এ বিষয়টি জানিয়েছে ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমস। তারা জানায়, মঙ্গলবার বিকেলে আসাদ আলম সিয়ামকে হাইকমিশনার হিসেবে গ্রহণ করা অনুমোদন বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।হিন্দুস্তান টাইমসের ওই প্রতিবেদনে আরও দাবি করা হয়েছে, জাতিসংঘে বাংলাদেশের সাবেক প্রতিনিধি সালাহউদ্দিন নোমান চৌধুরী বাংলাদেশের পরবর্তী পররাষ্ট্র সচিব হতে যাচ্ছেন।