চাঁপাইনবাবগঞ্জে হঠাৎ বৃষ্টিতে আমের মুকুলের ক্ষতির শঙ্কা
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন এলাকায় মঙ্গলবার রাতে হঠাৎ হালকা ও মাঝারি বৃষ্টিপাত হয়েছে। বিশেষ করে শিবগঞ্জের কানসাট, বিনোদপুর ও মোবারকপুর ইউনিয়নসহ কয়েকটি এলাকায় বৃষ্টির পরিমাণ বেশি ছিল। এ কারণে আমের মুকুল ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কায় উদ্বিগ্ন হয়েছেন স্থানীয় চাষিরা।কৃষি সংশ্লিষ্টরা জানিয়েছেন, অসময়ে এই ধরনের বৃষ্টির ফলে আমের মুকুলে ছত্রাকজনিত রোগের ঝুঁকি বেড়ে যেতে পারে। দ্রুত কৃষি কর্মকর্তাদের পরামর্শ অনুযায়ী প্রয়োজনীয় স্প্রে ও পরিচর্যা শুরু করলে সম্ভাব্য ক্ষতি অনেকাংশে কমানো সম্ভব। এ জেলায় বর্তমানে অধিকাংশ আমের গাছে মুকুল ফুটেছে, তাই আবহাওয়ার সামান্য বিরূপ প্রভাবও ফলনের ওপর বড় ধরনের প্রভাব ফেলতে পারে।চাঁপাইনবাবগঞ্জ ম্যাংগো ফাউন্ডেশন সদস্য সচিব আহসান হাবিব বলেন, ‘আমরা চাষিরা সব সময়ই আবহাওয়াজনিত ঝুঁকির মধ্যে থাকি। বৃষ্টির পর রোদ্রোজ্জ্বল আবহাওয়া থাকলে ক্ষতির পরিমাণ কম হবে বলে আশা করছি।’চাঁপাইনবাবগঞ্জ ম্যাংগো প্রডিউসার কো-অপারেটিভ সোসাইটির সাধারণ সম্পাদক ইসমাইল খান শামীম বলেন, ‘যেসব গাছে মুকুল ফুটেছে, সেগুলোর ক্ষতি হতে পারে। তবে যেসব মুকুলে ইতিমধ্যে গুটি এসেছে, সেগুলোর জন্য এ বৃষ্টি উপকার বয়ে আনতে পারে।’শিবগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা নয়ন মিয়া জানান, অসময়ের বৃষ্টিতে আমের মুকুলের ক্ষতির আশঙ্কা রয়েছে। তিনি আরও বলেন, বৃষ্টির ফলে ধান, গম ও পেঁয়াজসহ অন্যান্য ফসলের জন্য সুবিধা হবে।চাঁপাইনবাবগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি মৌসুমে জেলায় ৩৭,৪৮৭ হেক্টর জমিতে আম গাছে প্রায় ৯২ লাখ ৪৪ হাজার ৭৬৫টি মুকুল রয়েছে। আম উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে প্রায় ৪ লাখ ৫৮ হাজার ৯১২ মেট্রিক টন।