মিস ইউনিভার্স ২০২৬ হলেন জেনিফার ব্যারেটো
বিনোদন ডেস্ক: আন্তর্জাতিক সুন্দরী প্রতিযোগিতা মিস ইউনিভার্সের ৭৫তম আসরে বিজয়ীর মুকুট জিতেছেন পুয়ের্তো রিকোর জেনিফার ব্যারেটো। ২৪ নভেম্বর মঙ্গলবার বাংলাদেশ সময় ভোর ৬টায় পুয়ের্তো রিকোর রাজধানী সান হুয়ানের হোসে মিগুয়েল আগরেলট কলিসিয়ামে অনুষ্ঠিত জাঁকজমকপূর্ণ গ্র্যান্ড ফিনালেতে তার নাম ঘোষণা করা হয়।এবারের আসরে বিশ্বের বিভিন্ন দেশ ও অঞ্চল থেকে অংশ নেন ১১৬ জন প্রতিযোগী। চূড়ান্ত পর্বে সব ধাপ পেরিয়ে সেরার মুকুট নিজের করে নেন ২৭ বছর বয়সী জেনিফার ব্যারেটো। আসরের বিদায়ী মিস ইউনিভার্স মেক্সিকোর ফাতিমা বশ তার মাথায় নতুন মুকুট পরিয়ে দেন।ভেনেজুয়েলার প্রখ্যাত জুয়েলারি ডিজাইনার জর্জ উইটেলসের নকশা করা ‘দ্য রেডিয়েন্স অব ইটারনাল লিগ্যাসি’ শীর্ষক মুকুটটি অর্জন করেছেন জেনিফার, যাতে ৩ হাজার ১৫০টি হীরা খচিত রয়েছে। এর মধ্য দিয়ে নিজেদের দেশের মাটিতেই ষষ্ঠবারের মতো মিস ইউনিভার্সের শিরোপা ঘরে তুলল পুয়ের্তো রিকো।অনুষ্ঠানে প্রথম রানার-আপ হয়েছেন ডোমিনিকান রিপাবলিকের মেলিসা নুনেজ এবং দ্বিতীয় রানার-আপ হয়েছেন ভেনেজুয়েলার ক্লারা ভেগাস। এ ছাড়া ফিলিপাইনের বিয়া মিলান-উইন্ডরস্কি তৃতীয় এবং নিউজিল্যান্ডের জর্জিয়া ওয়াডিংটন চতুর্থ রানার-আপ নির্বাচিত হন।জমকালো এই চূড়ান্ত পর্বটি যৌথভাবে উপস্থাপনা করেন মিস ইউনিভার্স ২০২২ আর’বনি গ্যাব্রিয়েল ও মারিও লোপেজ। ধারাভাষ্যকার হিসেবে দায়িত্ব পালন করেন জুরি হল এবং মিস ইউনিভার্স ১৯৯৩ দায়ানারা তোরেস।এবারের প্রতিযোগিতায় দর্শক ভোটের মাধ্যমে একজন প্রতিযোগীর সরাসরি সেরা ৩০-এ জায়গা করে নেওয়ার সুযোগ ছিল। পিপলস চয়েস ভোটে গ্র্যান্ড ফিনালে শুরুর কয়েক ঘণ্টা আগেও শীর্ষ অবস্থানে ছিলেন বাংলাদেশের সামিরা খান মাহি। তবে শেষ পর্যন্ত সেই অবস্থান ধরে রাখতে পারেননি তিনি। দর্শক ভোটে জয়ী হয়ে সরাসরি সেরা ৩০-এ জায়গা করে নেন ইকুয়েডরের প্রতিযোগী দালিয়া বুকারাম।এটিভি/এসটিও