দেশের বাজারে টানা চতুর্থ দফায় কমল সোনার দাম
ডেস্ক রিপোর্ট: দেশের বাজারে টানা চতুর্থ দফায় কমেছে সোনার দাম। এবার ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ হাজার ১৫৮ টাকা কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এতে ভালো মানের সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১৯ হাজার ৮০৮ টাকা।১৩ নভেম্বর শুক্রবার এক বিজ্ঞপ্তিতে সোনার নতুন দাম ঘোষণা করে বাজুস। সকাল ১০টা থেকেই নতুন এ দাম কার্যকর হয়েছে।বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পাকা সোনা) দাম কমে যাওয়ায় নতুন করে মূল্যবান এ ধাতুর দাম সমন্বয় করেছে বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইস অ্যান্ড প্রাইস মনিটরিং।নতুন মূল্যতালিকা অনুযায়ী, ভ্যাটসহ প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১৯ হাজার ৮০৮ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৯ হাজার ৮৯৪ টাকা, ১৮ ক্যারেটের ১ লাখ ৮০ হাজার ২৬৭ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম ১ লাখ ৪৭ হাজার ৩১৬ টাকা নির্ধারণ করা হয়েছে।বাজুস জানিয়েছে, পরবর্তী সিদ্ধান্ত না দেওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে এ দাম কার্যকর থাকবে। তবে অলঙ্কারের নকশা অনুযায়ী মজুরি প্রযোজ্য হবে। স্বর্ণালঙ্কার ও রৌপ্যলঙ্কারের বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট যুক্ত থাকায় গ্রাহকের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না। এ ছাড়া নির্ধারিত ভ্যাট, মজুরি ও পাথরের মূল্য বাদ দিয়ে অলঙ্কার বিনিময় ও কেনার ক্ষেত্রে বাজুসের আগের নিয়ম বহাল থাকবে।এর আগে ১২ নভেম্বর বৃহস্পতিবার দেশের বাজারে সোনার দাম কমিয়েছিল বাজুস। ওই দিন ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ২১ হাজার ৯৬৬ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের ২ লাখ ১১ হাজার ৯৯৩ টাকা, ১৮ ক্যারেটের ১ লাখ ৮২ হাজার ৩০৮ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম ছিল ১ লাখ ৪৮ হাজার ৭৭৪ টাকা।এর আগের দিন ১১ নভেম্বর সকালেও সোনার দাম কমিয়েছিল সংস্থাটি। সেদিন ভরিতে ২ হাজার ৭৪১ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা নির্ধারণ করা হয়। এরও আগে ৬ নভেম্বর একই মানের সোনার দাম ভরিতে ২ হাজার ৭৪১ টাকা কমানো হয়েছিল।সব মিলিয়ে টানা চার দফায় দেশের বাজারে ২২ ক্যারেটের সোনার দাম ভরিতে কমেছে ৯ হাজার ৮৫৬ টাকা। এর ফলে ২ লাখ ২৯ হাজার ৬৬৪ টাকা থেকে কমে বর্তমানে প্রতি ভরি সোনার দাম দাঁড়িয়েছে ২ লাখ ১৯ হাজার ৮০৮ টাকা।এটিভি/এসআইআর