• ঢাকা
  • |
  • শনিবার ২৯শে ফাল্গুন ১৪৩২ রাত ০১:৩০:৪৯ (14-Mar-2026)
  • - ৩৩° সে:
ভোটকেন্দ্রে যেসব আচরণবিধি মানতে হবে পুলিশ সদস্যদের

ভোটকেন্দ্রে যেসব আচরণবিধি মানতে হবে পুলিশ সদস্যদের

ডেস্ক রিপোর্ট: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে পুলিশ সদস্যদের জন্য কঠোর আচরণবিধি জারি করেছে পুলিশ সদর দপ্তর। দায়িত্ব পালনকালে ২২ ধরনের কাজ থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। নির্দেশনা অমান্য করলে বিভাগীয় ও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।নির্দেশনায় বলা হয়েছে, কোনো পুলিশ সদস্য কোনো রাজনৈতিক দল, প্রার্থী বা সমর্থকের প্রতি পক্ষপাতমূলক আচরণ করতে পারবেন না। ব্যক্তিগত রাজনৈতিক মত প্রকাশ কিংবা সামাজিক যোগাযোগমাধ্যমে রাজনৈতিক পোস্ট বা মন্তব্য করা সম্পূর্ণ নিষিদ্ধ।পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে না গেলে বলপ্রয়োগ বা লাঠিচার্জ করা যাবে না। দায়িত্ব পালনকালে কোনো প্রার্থী, এজেন্ট বা সমর্থকের কাছ থেকে খাবার, উপহার বা অন্য কোনো সুবিধা গ্রহণ করা যাবে না। প্রার্থীদের সঙ্গে ছবি তোলা বা ঘনিষ্ঠ আলাপচারিতাও নিরুৎসাহিত করা হয়েছে।এ ছাড়া জনসমাগমস্থলে অপ্রাসঙ্গিকভাবে অবস্থান, উদ্দেশ্যহীন ঘোরাঘুরি বা দলবদ্ধ হয়ে ব্যক্তিগত আলাপে যুক্ত হওয়া থেকেও বিরত থাকতে বলা হয়েছে।প্রিসাইডিং কর্মকর্তার অনুমতি ছাড়া ভোটকক্ষে প্রবেশ করা যাবে না। কোনো ভোটারকে নির্দিষ্ট প্রতীকের পক্ষে প্রভাবিত করাও নিষিদ্ধ। ভোটার বা দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের কাজে অযথা হস্তক্ষেপ, গালিগালাজ বা হুমকিমূলক আচরণও শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য হবে।দায়িত্ব পালনকালে মোবাইল ফোন ব্যবহার ও সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় থাকা নিষিদ্ধ করা হয়েছে। বিশেষ করে নির্বাচনসংক্রান্ত সংবেদনশীল তথ্য বা ভিডিও শেয়ার না করার নির্দেশ দেওয়া হয়েছে।পুলিশ সদস্যদের ভোটের ফলাফল বা সম্ভাব্য বিজয়ী সম্পর্কে কোনো ধরনের পূর্বানুমান বা মন্তব্য করা থেকেও বিরত থাকতে বলা হয়েছে।