থোকায় থোকায় ঝুলছে লাল সবুজ আঙ্গুর
গাজীপুর (উত্তর) প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে বিদেশি জাতের আঙুর চাষ করে প্রথম বছরেই সফলতা পেয়েছেন অবসরপ্রাপ্ত এক সেনা সদস্য। এক বিঘা জমিতে গড়ে ওঠা এই বাগানে থোকায় থোকায় ঝুলছে লাল ও সবুজ রঙের রসালো আঙুর, যা এলাকাবাসীর দৃষ্টি কাড়ছে।উপজেলার রাজাবাড়ী ইউনিয়নের চিনাশুকানিয়া গ্রামের সাঈদ আলী মোড়লের ছেলে অবসরপ্রাপ্ত সেনা সদস্য মো. আবুল হাসেম মোড়ল চার জাতের আঙুর চাষ করেছেন। বাগানটি বাঁশের উঁচু মাচায় গড়ে তোলা হয়েছে, চারপাশ ঘেরা সীমানা প্রাচীর ও সুতার জালে।সরেজমিনে গিয়ে দেখা যায়, সারিবদ্ধ লতানো গাছে থোকায় থোকায় ঝুলে আছে লাল, সবুজ আঙুর। যদিও ফল এখনো পুরোপুরি পরিপক্ব হয়নি, তবুও বাগানের দৃশ্য অত্যন্ত আকর্ষণীয়। পাখির আক্রমণ থেকে ফল রক্ষায় পুরো বাগান জাল দিয়ে ঘিরে রাখা হয়েছে।বাগানের পরিচর্যাকারী মেজবাহ উদ্দিন জানান, এটি তার কাকার বাগান। বিভিন্ন জেলা থেকে আঙুরের চারা সংগ্রহ করে এখানে রোপণ করা হয়েছে। প্রথম বছর হওয়ায় ফলন তুলনামূলক কম হলেও আগামী বছরে ভালো ফলনের আশা করছেন তারা। রোপণের মাত্র আট মাসের মধ্যেই ফলন এসেছে।বাগান মালিক মো. আবুল হাসেম মোড়ল বলেন, প্রবাসী ছেলের অনুপ্রেরণাতেই তিনি আঙুর চাষ শুরু করেন। রাজশাহীর বাঘা ও নাটোরসহ বিভিন্ন এলাকা থেকে চারা সংগ্রহ করে এই বাগান গড়ে তোলেন। তিনি বলেন, অন্যদের সফল বাগান দেখে অনুপ্রাণিত হয়েই নিজে উদ্যোগ নিয়েছেন। ভবিষ্যতে ভালো ফলনের আশায় সবার দোয়া কামনা করেন তিনি।শ্রীপুর উপজেলা কৃষি কর্মকর্তা সুমাইয়া সুলতানা বলেন, চিনাশুকানিয়া গ্রামে হাইব্রিড বাইকুনুরসহ কয়েকটি জাতের আঙুর চাষ করা হয়েছে। বর্তমানে গাছগুলোতে ভালো ফলন দেখা যাচ্ছে এবং রঙও এসেছে। এটি দেশের পুষ্টি চাহিদা পূরণ ও আমদানি নির্ভরতা কমাতে সহায়ক হবে বলে তিনি মনে করেন। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে বাগানটিতে নিয়মিত কারিগরি সহায়তা দেওয়া হচ্ছে।