• ঢাকা
  • |
  • বুধবার ৪ঠা অগ্রহায়ণ ১৪৩৩ রাত ০৮:১৬:৫৪ (18-Nov-2026)
  • - ৩৩° সে:
ঢাকায় শুরু বিশ্বের অন্যতম বৃহৎ কোয়ালিটি সম্মেলন আইসিকিউসিসি-২০২৬

ঢাকায় শুরু বিশ্বের অন্যতম বৃহৎ কোয়ালিটি সম্মেলন আইসিকিউসিসি-২০২৬

ডেস্ক রিপোর্ট: বিশ্বের অন্যতম বৃহৎ গুণগত ব্যবস্থাপনা, উৎপাদনশীলতা বৃদ্ধি ও ধারাবাহিক উন্নয়নভিত্তিক আন্তর্জাতিক সম্মেলন ৫১তম ইন্টারন্যাশনাল কনভেনশন অন কোয়ালিটি কন্ট্রোল সার্কেলস (আইসিকিউসিসি-২০২৬ শুরু হয়েছে।এবারের প্রতিপাদ্য “টেকসই উন্নয়নের জন্য কিউসিসি”।বাংলাদেশ সোসাইটি ফর টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্ট (বিএসটিকিউএম) এবং ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক (ইউএপি)-এর যৌথ আয়োজনে ১৮ থেকে ২০ নভেম্বর অনুষ্ঠিত এই সম্মেলনে ১৬টি দেশ ও অঞ্চলের প্রায় ৮০০টি কোয়ালিটি কন্ট্রোল সার্কেল (কিউসিসি) দল এবং ৮,০০০-এর বেশি প্রতিনিধি অংশগ্রহণ করছেন।এর মধ্যে ১৪১টি দল সরাসরি এবং ৬৫২টি দল ভার্চুয়াল মাধ্যমে তাদের উন্নয়নমূলক প্রকল্প উপস্থাপন করছে।রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও ঢাকায় অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) সভাপতি মোহাম্মদ হাতেম।বিশেষ অতিথি ছিলেন ইউএপি বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান কে এম মোজিবুল হক এবং বিএসটিকিউএম-এর উপদেষ্টা ড. এ কে এম মোয়াজ্জেম হোসেন। বিএসটিকিউএম-এর সভাপতি ও সম্মেলনের কনভেনর এ কে এম শামসুল হুদা বলেন, বাংলাদেশে তৃতীয়বারের মতো এ সম্মেলন আয়োজন দেশের গুণগত উন্নয়ন ও ধারাবাহিক উন্নয়নচর্চার প্রতি অঙ্গীকারের প্রতিফলন।তিনি বলেন, বৈশ্বিক পর্যায়ে গুণগত উৎকর্ষ, কর্মক্ষেত্র উন্নয়ন এবং জ্ঞান বিনিময়ে আইসিকিউসিসি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।প্রধান অতিথি মোহাম্মদ হাতেম উৎপাদনশীলতা বৃদ্ধি, অপচয় হ্রাস, প্রতিযোগিতা সক্ষমতা উন্নয়ন এবং দায়িত্বশীল ব্যবসায়িক চর্চায় কোয়ালিটি কন্ট্রোল সার্কেলের গুরুত্ব তুলে ধরেন।তিনি বলেন, এ সম্মেলন বিভিন্ন দেশের অংশগ্রহণকারীদের মধ্যে অভিজ্ঞতা বিনিময় ও পারস্পরিক শিক্ষার একটি গুরুত্বপূর্ণ সুযোগ সৃষ্টি করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির অধ্যাপক ড. খন্দোকার মাহমুদুর রহমান টেকসই উন্নয়ন, সামাজিক মানদণ্ড এবং বাংলাদেশের পোশাক শিল্পের প্রতিযোগিতা সক্ষমতা নিয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন।এছাড়া প্রফেসর ড. এহসানুল হক কোয়ালিটি কন্ট্রোল সার্কেল, টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্ট এবং কানো-বিএসটিকিউএম কোয়ালিটি অ্যাওয়ার্ডের গুরুত্ব তুলে ধরেন।বিএসটিকিউএম-এর উপদেষ্টা এবং দেশের অন্যতম কোয়ালিটি গুরু ইঞ্জিনিয়ার এ.এম.এম. খায়রুল বাশার তাঁর বক্তব্যে কিউসিসি, টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্ট (টিকিউএম), কাইজেন ও ধারাবাহিক উন্নয়নচর্চার গুরুত্ব তুলে ধরেন।তিনি বলেন, নেতৃত্ব, কর্মীদের সক্রিয় অংশগ্রহণ, তথ্যভিত্তিক সিদ্ধান্ত গ্রহণ এবং পদ্ধতিগত সমস্যা সমাধান একটি প্রতিষ্ঠানের গুণগত উৎকর্ষ ও দীর্ঘমেয়াদি সাফল্যের মূল ভিত্তি। দেশে কিউসিসি ও টিকিউএম আন্দোলনের প্রসারে তাঁর দীর্ঘদিনের অবদানের কথাও অনুষ্ঠানে উল্লেখ করা হয়।এবারের সম্মেলনের অন্যতম আকর্ষণ হলো ৩৬টি উপস্থাপনা হলের নাম বিশ্বখ্যাত কোয়ালিটি পথিকৃৎ ও গুণগত গুরুদের নামে নামকরণ। এসব হলে প্রায় ৭৯৩টি দল তাদের উন্নয়নমূলক প্রকল্প উপস্থাপন করছে।টেকনিক্যাল অ্যান্ড ইভ্যালুয়েশন কমিটির সদস্য মো. রকিবুল ইসলাম বলেন, “বিশ্বখ্যাত কোয়ালিটি পথিকৃৎ ও গুণগত গুরুদের অবদানের প্রতি সম্মান জানিয়ে ৩৬ টি উপস্থাপনা হলের নামকরণ করা হয়েছে। তাঁদের অবদান আজও বিশ্বের কোয়ালিটি পেশাজীবীদের অনুপ্রাণিত করে চলেছে। আমার জানা মতে, আইসিকিউসিসির ইতিহাসে এটি একটি ব্যতিক্রমধর্মী উদ্যোগ।”আয়োজকরা জানান, সম্মেলনের সময়সূচি, অংশগ্রহণকারী দল, বিচারকমণ্ডলী ও অন্যান্য তথ্য আইসিকিউসিসি-২০২৬-এর অফিসিয়াল ওয়েবসাইট এবং বিএসটিকিউএম-এর ডিজিটাল প্ল্যাটফর্মে পাওয়া যাচ্ছে। একই সঙ্গে ৩৬টি উপস্থাপনা হলের কার্যক্রম সরাসরি সম্প্রচার করা হচ্ছে, ফলে বিশ্বের বিভিন্ন প্রান্তের দর্শক ও কোয়ালিটি পেশাজীবীরা সম্মেলনটি অনুসরণ করতে পারছেন।আগামী দুই দিনে ইউএপি ক্যাম্পাসে উৎপাদনশীলতা বৃদ্ধি, ব্যয় হ্রাস, গুণগত উন্নয়ন, নিরাপত্তা, পরিবেশ সুরক্ষা এবং সাংগঠনিক উৎকর্ষবিষয়ক প্রায় ৭৯৩টি উপস্থাপনা অনুষ্ঠিত হবে।এসব উপস্থাপনা মূল্যায়ন করবেন দেশি-বিদেশি প্রায় ১০০ জন বিচারক।আন্তর্জাতিকভাবে “কোয়ালিটি অলিম্পিকস” নামে পরিচিত আইসিকিউসিসি কর্মক্ষেত্রের উন্নয়ন, গুণগত উৎকর্ষ এবং ধারাবাহিক উন্নয়নের অভিজ্ঞতা বিনিময়ের অন্যতম বৃহৎ বৈশ্বিক প্ল্যাটফর্ম। বাংলাদেশে তৃতীয়বারের মতো এ সম্মেলন আয়োজন দেশের কোয়ালিটি আন্দোলনের আন্তর্জাতিক গ্রহণযোগ্যতার একটি গুরুত্বপূর্ণ স্বীকৃতি।আগামী ২০ নভেম্বর প্যান প্যাসিফিক সোনারগাঁও ঢাকায় ফলাফল ঘোষণা, পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে সম্মেলনের সমাপ্তি হবে। সমাপনী অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে আইসিকিউসিসির পতাকা পরবর্তী আয়োজক দেশ ফিলিপাইনের কাছে হস্তান্তর করা হবে। এটিভি/ এম এইচ  আই