ভক্তের বুকে নিজের ট্যাটু, অবাক শেহনাজ গিল
বিনোদন ডেস্ক: প্রিয় তারকার প্রতি ভক্তদের ভালোবাসার বহিঃপ্রকাশে নানা ধরনের ঘটনা সামনে আসে। এবার তেমনই এক কাণ্ড ঘটিয়ে আলোচনায় এসেছেন ভারতীয় অভিনেত্রী শেহনাজ গিলের এক অনুরাগী। প্রিয় অভিনেত্রীর মুখের ছবি নিজের বুকে ট্যাটু করিয়েছেন ওই ভক্ত।শুধু ট্যাটু করিয়েই থেমে থাকেননি তিনি। সেটি দেখাতে সরাসরি শেহনাজের সামনে হাজির হন ওই অনুরাগী। বিষয়টি দেখে রীতিমতো অবাক হয়ে যান অভিনেত্রী।সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, ওই ভক্তের সঙ্গে পাঞ্জাবি ভাষায় কথা বলছেন শেহনাজ। কথোপকথনের একপর্যায়ে অভিনেত্রীর চোখে পড়ে তার বুকের ট্যাটু।কৌতূহলী হয়ে শেহনাজ জানতে চান, তুমি এই ট্যাটুটা কেন করালে? জবাবে ভক্ত বলেন, আমি আপনার ভক্ত।এরপর শেহনাজ বলেন, আমি জানি তুমি আমার ভক্ত, কিন্তু…। তবে কথা শেষ করার আগেই অন্যদিকে মনোযোগ চলে যায় অভিনেত্রীর। পরে ওই অনুরাগীকে ধন্যবাদ জানান তিনি এবং তার হাতও ধরেন।ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর শেহনাজের ভক্তদের মধ্যে শুরু হয়েছে নানা আলোচনা। একজন নেটিজেন মন্তব্য করেন, এর আগে ওই ভক্ত হাতে শেহনাজের ট্যাটু করিয়েছিলেন। তখন অভিনেত্রী তাকে বলেছিলেন, হাতে ট্যাটু করা ঠিক আছে, তবে হৃদয়ে যেন আর ট্যাটু না করেন। কিন্তু এবার সেই কথাও শোনা হয়নি।আরেক নেটিজেন লিখেছেন, একসময় শেহনাজ নিজেই করণ আউজলার ট্যাটু করেছিলেন। আর এখন ভক্তরা শেহনাজের ট্যাটু করছেন।অন্য একজনের মন্তব্য, কী সুন্দর ও সাহসী একটি পদক্ষেপ! শেহনাজ সত্যিই ভাগ্যবতী।সব মিলিয়ে ওই ভক্তের কাণ্ডে শেহনাজের প্রতি তার গভীর অনুরাগের বিষয়টিই সামনে এসেছে।এদিকে শেহনাজ গিল অভিনীত নতুন সিনেমা ‘সিং ভার্সেস কৌর ২’ গত ১১ সেপ্টেম্বর শুক্রবার প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। জানা গেছে, ভারতে মুক্তির প্রথম দিনে ছবিটি আয় করেছে ৩৫ লাখ রুপি। এখন সপ্তাহান্তে বক্স অফিসে সিনেমাটি কেমন ব্যবসা করে, সেটিই দেখার বিষয়।