• ঢাকা
  • |
  • রবিবার ১লা ভাদ্র ১৪৩৩ বিকাল ০৩:৫১:১৭ (16-Aug-2026)
  • - ৩৩° সে:
ট্রেনে হামলা ও বিবস্ত্র হয়ে গ্রেফতার অভিনেত্রী অন্তরা ব্যানার্জি

ট্রেনে হামলা ও বিবস্ত্র হয়ে গ্রেফতার অভিনেত্রী অন্তরা ব্যানার্জি

বিনোদন ডেস্ক: রেলওয়ে প্রোটেকশন ফোর্সের (আরপিএফ) সদস্যদের ওপর রেজর ব্লেড দিয়ে হামলা, বিবস্ত্র হওয়ার অভিযোগে গ্রেফতার করা হয়েছে বলিউড অভিনেত্রী অন্তরা ব্যানার্জিকে। গত ১২ আগস্ট, ভারতের বান্দ্রা-গঙ্গানগর আরাবলি এক্সপ্রেসে এ ঘটনা ঘটে। দ্য ফ্রি প্রেস জার্নাল এ খবর প্রকাশ করেছে।এ প্রতিবেদনে জানানো হয়েছে, শুটিংয়ের কাজে সুরাট যাচ্ছিলেন অন্তরা ব্যানার্জি। তার কাছে শুধু স্লিপার শ্রেণির টিকিট ছিল। কিন্তু সংরক্ষিত এসি কামরায় ওঠাকে কেন্দ্র করে বিরোধের সূত্রপাত। ঘটনাটি রাত সাড়ে ৯টা থেকে রাত ১০টা ৫০ মিনিটের মধ্যে বোরিভালি ও দাহানুর মধ্যবর্তী এলাকায় ঘটে।  মামলার নথি অনুযায়ী, একজন যাত্রী তার সংরক্ষিত আসন অন্তরাকে ছেড়ে দিতে বলেন। কিন্তু তিনি তা প্রত্যাখ্যান করলে ওই যাত্রী টিকিট পরীক্ষক হরিকেশ ত্রিপাঠি ও আরপিএফ-এর সদস্যদর বিষয়টি জানান।আরপিএফ-এর সহকারী সাব-ইন্সপেক্টর যামিনিকান্ত মিশ্রা জানান, খবর পেয়ে কনস্টেবল রাজেশ কুমার ও যামিনিকান্ত বিষয়টিতে হস্তক্ষেপ করেন। কিন্তু অন্তরা ব্যানার্জি কর্মকর্তাদের গালিগালাজ করেন এবং সহিংস হয়ে ওঠেন। একপর্যায়ে অন্তরা ব্যানার্জি বিবস্ত্র হন এবং ধারালো একটি অস্ত্র (রেজর ব্লেড) বের করে ভয় দেখান। মিশ্রা ও নিজেকেও আহত করেন। কেবল তাই নয়, মিশ্রার ইউনিফর্ম এবং মোবাইল ফোনও অন্তরা ভেঙে দিয়েছেন বলে অভিযোগ।পরিস্থিতি যাতে আরও খারাপ না হয়, এজন্য আরপিএফ সদস্যরা এসি কামরার দরজা বন্ধ করে দেন। অভিযোগ, অন্তরা পালানোর চেষ্টা করেন, তারই অংশ হিসেবে ট্রেনের জানালার কাচ ভাঙার চেষ্টা করেন। পরে তাকে দাহানু স্টেশনে নামিয়ে সরকারি রেলওয়ে পুলিশ (জিআরপি)-এর কাছে হস্তান্তর করা হয়। পুরো ঘটনাটি এক ঘণ্টারও বেশি সময় ধরে চলে, এতে ট্রেনের যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন।পরের দিন সকালে বোরিভালি রেলওয়ে পুলিশ অন্তরাকে হেফাজতে নেয়। বোরিভালি জিআরপি-এর পরিদর্শক কুন্ডা গাভাডে জানান, প্রত্যক্ষদর্শীদের বক্তব্য অনুযায়ী, এসি কামরার টিকিট না পাওয়ায় অন্তরা হয়তো মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছিলেন। পুলিশ তাকে আত্মীয়-স্বজন বা আইনজীবীর সঙ্গে যোগাযোগ করতে বললেও তা প্রত্যাখ্যান করেন এবং তাকে গ্রেফতার করার দাবি জানান।  যামিনিকান্ত গাভাডে বলেন, “এফআইআর নথিভুক্ত হওয়ার পর শান্ত হন অন্তরা।”গত ১৩ আগস্ট দায়েরকৃত মামলায় অন্তরা ব্যানার্জিকে অভিযুক্ত করা হয়। জনসাধারণের নিরাপত্তা বিপন্ন করা, সরকারি কর্মচারীদের গুরুতরভাবে আহত করা, হামলা এবং ইচ্ছাকৃতভাবে অপমান করার অভিযোগে তার বিরুদ্ধে মামলাটি নথিভুক্ত হয়েছে। এরপর জামিনে মুক্তি পান এই অভিনেত্রী।