৫৪ বছরে ২৩০ সিনেমা, ৭৭ বছরেও প্রাণবন্ত আলমগীর
বিনোদন ডেস্ক: বাংলা চলচ্চিত্রের বরেণ্য অভিনেতা আলমগীর আজ ৭৭ বছরে পা দিলেন। দীর্ঘ ক্যারিয়ারে অসংখ্য জনপ্রিয় চলচ্চিত্র উপহার দেওয়া এই গুণী শিল্পী এখনও সমানভাবে প্রাসঙ্গিক ও সক্রিয়।প্রায় ৫৪ বছরের ক্যারিয়ারে ২৩০টিরও বেশি সিনেমায় অভিনয় করেছেন আলমগীর। শাবানা, কবরী, ববিতা, রোজিনা থেকে শুরু সমসাময়িক প্রায় সব অভিনেত্রীদের সঙ্গে জুটি হয়ে কাজ করে সাফল্য পেয়েছেন তিনি। শুরুতেই ‘আমি আলমগীর, জয়যাত্রার পথে নেমেছি’- এমন আত্মবিশ্বাসী উচ্চারণ করেছিলেন তিনি বিচিত্রার এক সাক্ষাৎকারে। তার সেই জয়যাত্রা আজও অব্যাহত।চলচ্চিত্রের প্রতি তার ভালোবাসার শিকড়ও পারিবারিক। তার বাবা কলিম উদ্দিন আহম্মেদ ছিলেন দেশের প্রথম সবাক চলচ্চিত্র ‘মুখ ও মুখোশ’র অন্যতম প্রযোজক। তার কন্যা আঁখি আলমগীর দেশের জনপ্রিয় একজন গায়িকা। আঁখির মা গীতিকার খুশনূরের সঙ্গে বিচ্ছেদের পর কিংবদন্তি গায়িকা রুনা লায়লাকে বিয়ে করেন আলমগীর। সেই সংসার আজও ভালোবাসায় ভরে আছে।তবে দীর্ঘদিন তাকে সিনেমায় অভিনয় করতে দেখা যায়নি। তার প্রাণবন্ত উপস্থিতি মিস করেন দর্শক।