• ঢাকা
  • |
  • শনিবার ১২ই বৈশাখ ১৪৩৩ রাত ০৯:৫৪:৪৩ (25-Apr-2026)
  • - ৩৩° সে:
মারা গেছেন অভিনেতা ও বাচিকশিল্পী বিপ্লব দাশগুপ্ত

মারা গেছেন অভিনেতা ও বাচিকশিল্পী বিপ্লব দাশগুপ্ত

বিনোদন ডেস্ক: পশ্চিমবঙ্গের খ্যাতনামা অভিনেতা ও বাচিকশিল্পী বিপ্লব দাশগুপ্ত আর নেই।২৪ এপ্রিল শুক্রবার হাসপাতালে নেওয়ার পথে তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি স্ত্রী ও এক কন্যা রেখে গেছেন।পারিবারিক সূত্রে জানা যায়, গত প্রায় দেড় বছর ধরে বার্ধক্যজনিত বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছিলেন এই শিল্পী। শুক্রবার বিকেলে অবস্থার অবনতি হলে তাকে দ্রুত হাসপাতালে নেওয়ার চেষ্টা করা হয়, তবে পথেই তার মৃত্যু হয়।পরে সন্ধ্যায় দক্ষিণ কলকাতার গল্ফক্লাব রোডের নিজ বাসভবন থেকে মরদেহ নিয়ে যাওয়া হয় টালিগঞ্জ টেকনিশিয়ান স্টুডিওতে। সেখানে তাকে শেষ শ্রদ্ধা জানান পশ্চিমবঙ্গের চলচ্চিত্র ও সাংস্কৃতিক অঙ্গনের বহু শিল্পী ও কলাকুশলী।তার মৃত্যুর খবর নিশ্চিত করেন জনপ্রিয় বাচিকশিল্পী সুজয়প্রসাদ চ্যাটার্জি। বর্ষীয়ান এই অভিনেতার প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে বাংলার সাংস্কৃতিক অঙ্গনে। সামাজিক মাধ্যমে শোক প্রকাশ করেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, জয়জিৎ ব্যানার্জি, রূপাঞ্জনা মিত্রসহ অনেকে।দুই দশকেরও বেশি সময় ধরে অভিনয়ের সঙ্গে যুক্ত ছিলেন বিপ্লব দাশগুপ্ত। ছোট ও বড় পর্দায় সমানভাবে জনপ্রিয় এই শিল্পী ‘ফেলুদা’, ‘বাইশে শ্রাবণ’ ও ‘গুমনামি’সহ বহু প্রশংসিত চলচ্চিত্রে অভিনয় করেছেন। ২০১৯ সালের ‘দেবতার গ্রাস’ ছবিতে সৌমিত্র চট্টোপাধ্যায় ও নাসিরুদ্দিন শাহর সঙ্গে অভিনয় করে তিনি নিজের দক্ষতার স্বাক্ষর রাখেন।পেশাগত জীবনে শিক্ষকতা দিয়ে কর্মজীবন শুরু করলেও পরে তিনি অভিনয়, আবৃত্তি ও বাচিকশিল্পে নিজেকে প্রতিষ্ঠিত করেন। ভয়েস ওভার ও বিজ্ঞাপন জগতেও তার ছিল সমান সরব উপস্থিতি।