• ঢাকা
  • |
  • সোমবার ৪ঠা কার্তিক ১৪৩৩ সকাল ০৯:৪৯:২১ (19-Oct-2026)
  • - ৩৩° সে:
টাইগার শ্রফকে লক্ষ্য করে মুহুর্মুহু গুলি, হামলার কারণ জানালো বিষ্ণোই গোষ্ঠী

টাইগার শ্রফকে লক্ষ্য করে মুহুর্মুহু গুলি, হামলার কারণ জানালো বিষ্ণোই গোষ্ঠী

বিনোদন ডেস্ক: ভারতের মুম্বাইয়ের জুহু এলাকায় বলিউড অভিনেতা টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে গুলি চালিয়েছে দুর্বৃত্তরা। ১৮ অক্টোবর রোববার সন্ধ্যায় ফুটবল খেলে ফেরার পথে এ হামলার ঘটনা ঘটে। এতে অভিনেতা অক্ষত থাকলেও তাঁর গাড়িচালকসহ দুজন আহত হয়েছেন। এ ঘটনায় একজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে ও দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন অনুযায়ী, জুহু এলাকার পুষ্পা নারসি পার্কের কাছে এ ঘটনা ঘটে। ফুটবল খেলা শেষে নিজের বিএমডব্লিউ গাড়িতে ফেরার সময় মোটরসাইকেলে আসা তিন ব্যক্তি তাঁকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছোড়ে।ঘটনার পর প্রকাশিত নজরদারি ক্যামেরার ফুটেজে হামলাকারীদের গুলি চালাতে এবং পরে মোটরসাইকেলে করে পালিয়ে যেতে দেখা যায়। অন্য একটি ভিডিওতে গুলির শব্দের পর আশপাশের লোকজনকে আতঙ্কিত হয়ে চিৎকার করতে শোনা যায়। হামলার পর টাইগারকে গাড়ির চালকের আসনে বসে সেখান থেকে চলে যেতেও দেখা গেছে।পুলিশ জানিয়েছে, টাইগার শ্রফের শরীরে কোনো গুলির আঘাত লাগেনি। তবে তাঁর গাড়িচালক ফিরদৌস এবং কাছাকাছি থাকা এক অটোরিকশাচালক আহত হয়েছেন। তাদের চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে।ঘটনার পর পুলিশ এলাকাটি ঘিরে ফেলে এবং হামলাকারীদের শনাক্ত করতে তদন্ত শুরু করে। এ ঘটনায় একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। হামলার উদ্দেশ্য এবং এর সঙ্গে জড়িত ব্যক্তিদের পরিচয় নিশ্চিত করতে তদন্ত চলছে।হামলার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি বার্তা ও অডিওতে লরেন্স বিষ্ণোই গোষ্ঠীর সঙ্গে সংশ্লিষ্টতার দাবি করা হয়েছে। অনিল পণ্ডিত ও হারমান সান্ধুর নামে প্রচারিত ওই বার্তায় হামলার দায় স্বীকারের পাশাপাশি বলিউড অভিনেতা সালমান খানের সঙ্গে কাজ করা ব্যক্তিদের হুমকি দেওয়া হয়েছে।প্রচারিত বার্তায় দাবি করা হয়, সালমান খানের সঙ্গে ঘনিষ্ঠতার কারণে টাইগার শ্রফকে লক্ষ্যবস্তু করা হয়েছে। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত দাবির সত্যতা এবং হামলার সঙ্গে ওই গোষ্ঠীর প্রকৃত সম্পৃক্ততা সম্পর্কে তদন্তকারীরা চূড়ান্ত সিদ্ধান্ত জানাননি।এর আগে সালমান খানের বাসভবনের বাইরে গুলিবর্ষণসহ বলিউডের বিভিন্ন ব্যক্তিকে ঘিরে হুমকি ও হামলার ঘটনায় লরেন্স বিষ্ণোই গোষ্ঠীর নাম উঠে এসেছে। টাইগার শ্রফের গাড়িতে গুলির ঘটনাটিও এখন সেই প্রেক্ষাপটে তদন্ত করছে পুলিশ।হামলার পর মুম্বাই পুলিশ অভিযুক্তদের শনাক্ত, হামলার নেপথ্যের কারণ উদ্‌ঘাটন এবং প্রচারিত দায় স্বীকারের দাবির সত্যতা যাচাইয়ে কাজ করছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত হামলার পেছনে কারা রয়েছে, তা নিশ্চিত করে বলা যাচ্ছে না।এটিভি/এসআইআর