কাল থেকে ২১ অক্টোবর পর্যন্ত সাজেকে সড়ক অবরোধ স্থগিত
অনলাইন ডেস্ক: সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা ঘিরে রাঙামাটির সাজেকে ছয় দিনের জন্য (২১ অক্টোবর পর্যন্ত) পর্যটন সড়ক অবরোধ কর্মসূচি স্থগিত করা হয়েছে।১৫ অক্টোবর বৃহস্পতিবার সন্ধ্যায় সাজেক কারবারি অ্যাসোসিয়েশন ও সাজেক গণ-অধিকার রক্ষা কমিটির নেতারা যৌথভাবে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেন।সাজেক কারবারি অ্যাসোসিয়েশনের সভাপতি নতুন জয় চাকমা ও সাজেক গণ-অধিকার রক্ষা কমিটির আহ্বায়ক বাবুধন চাকমা জানান, সাজেক মাচলং বাজার দুর্গাপূজা উদযাপন কমিটির বিশেষ অনুরোধ এবং দেশব্যাপী শারদীয় দুর্গোৎসবের প্রতি সম্মান জানিয়ে অবরোধ স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে সম্প্রীতির বার্তা ছড়িয়ে দেওয়াও এ সিদ্ধান্তের অন্যতম উদ্দেশ্য।সাজেক কারবারি অ্যাসোসিয়েশনের নেতারা জানান, তাদের অবরোধ কর্মসূচি কোনো নির্দিষ্ট রাজনৈতিক দল, জাতি, ধর্ম বা বর্ণের মানুষের বিরুদ্ধে নয়। সাজেক অঞ্চলের স্থানীয় বাসিন্দাদের নিরাপত্তা ও জানমাল রক্ষার তাগিদেই এ কর্মসূচি নেওয়া হয়েছে।আরও পড়ুন: জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণ পরিচ্ছন্ন রাখা ও সংস্কারের নির্দেশ প্রধানমন্ত্রীরবিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দুর্গাপূজা উপলক্ষে অবরোধ স্থগিতের সময়সীমা শেষ হওয়ার পরও প্রশাসন স্থানীয় সাজেকবাসীর ন্যায্য দাবি পূরণ না করলে পুনরায় অবরোধসহ কঠোর আন্দোলন কর্মসূচি পালন করা হবে। এ ক্ষেত্রে পরবর্তী কর্মসূচি ও সময়সূচি সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে। একই সঙ্গে সাজেকবাসীর তিন দফা দাবি দ্রুত বাস্তবায়ন এবং পাহাড়ে শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশ ফিরিয়ে আনতে প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছে সংগঠন দুটি।এর আগে সাজেকের মাচলং এলাকার বিভিন্ন স্থানে অবস্থানরত পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস) সন্তু গ্রুপের সশস্ত্র সদস্যদের সরিয়ে নেওয়াসহ তিন দফা দাবিতে গত ১১ অক্টোবর সাজেক পর্যটন সড়কে অবরোধ কর্মসূচি পালন করা হয়।