• ঢাকা
  • |
  • বুধবার ১লা আশ্বিন ১৪৩৩ সকাল ১০:০১:০৩ (16-Sep-2026)
  • - ৩৩° সে:
গুজব ছড়ানো পেজ ও অনিবন্ধিত পোর্টাল বন্ধে হাইকোর্টের রুল

গুজব ছড়ানো পেজ ও অনিবন্ধিত পোর্টাল বন্ধে হাইকোর্টের রুল

ডেস্ক রিপোর্ট: দেশে পরিচালিত অনিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল এবং সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব, মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানো পেজের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যানকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।একই সঙ্গে অনিবন্ধিত অনলাইন পোর্টাল ও গুজব ছড়ানো পেজগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তা কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না এবং যথাযথ ব্যবস্থা নেওয়ার নির্দেশ কেন দেওয়া হবে না—তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত।জনস্বার্থে দায়ের করা এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে ১৫ সেপ্টেম্বর মঙ্গলবার বিচারপতি রাজসিক আল জলিল ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।আদালতে রিটের পক্ষে শুনানি করেন রিটকারী ন্যাশনাল লইয়ার্স কাউন্সিলের চেয়ারম্যান ও সুপ্রিম কোর্টের আইনজীবী এস এম জুলফিকার আলী জুনু।রিট আবেদনে অনিবন্ধিত অনলাইন পোর্টাল এবং সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন পেজের মাধ্যমে গুজব, মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য প্রচার রোধে কার্যকর ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়ার আবেদন জানানো হয়।শুনানি শেষে হাইকোর্ট বিটিআরসি চেয়ারম্যানকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়ার পাশাপাশি সংশ্লিষ্টদের প্রতি রুল জারি করেন।সূত্র: যুগান্তর