গাছে ঝুলিয়ে পেটানোর হুমকি: কেএমপির অতিরিক্ত কমিশনার প্রত্যাহার
ডেস্ক রিপোর্ট: ‘তথ্য ফাঁস করলে ইন্সপেক্টরকে গাছে ঝুলিয়ে দেব’ এমন বিতর্কিত মন্তব্য করে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ রাশিদুল ইসলাম খানকে প্রত্যাহার করা হয়েছে। তাকে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত করে ২১ জুনের মধ্যে পুলিশ সদর দফতরে (হেডকোয়ার্টার্স) রিপোর্ট করতে নির্দেশ দেওয়া হয়েছে।২০ জুন শনিবার পুলিশ সদর দফতরের পার্সোনেল ম্যানেজমেন্ট-১ শাখা থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়। এতে সই করেন অতিরিক্ত ডিআইজি (সংস্থাপন) রায়হান উদ্দিন খান।আদেশে বলা হয়, বিসিএস পুলিশ ক্যাডারের কর্মকর্তা মোহাম্মদ রাশিদুল ইসলাম খানকে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত করে নির্ধারিত সময়ের মধ্যে পুলিশ হেডকোয়ার্টার্সে রিপোর্ট করতে হবে।সংশ্লিষ্ট সূত্র জানায়, দায়িত্ব পালনকালে দেওয়া একটি বিতর্কিত বক্তব্যকে কেন্দ্র করেই তাকে খুলনা থেকে প্রত্যাহার করা হয়েছে।এর আগে নগরীর লবণচরা থানার মহিরবাড়ি খালপাড় এলাকায় স্থানীয়দের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশ নেন তিনি। ওই সভায় দেওয়া তার বক্তব্যের প্রায় ২৫ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং তা নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হয়।ভিডিওতে তাকে বলতে শোনা যায়, দারোগা বা ইন্সপেক্টরকে বলার পরও কোনো তথ্য ফাঁস হলে সংশ্লিষ্ট ব্যক্তিকে কঠোরভাবে শাস্তি দেওয়া হবে বলে তিনি মন্তব্য করেন, যা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়।