ধামরাইয়ে নদী থেকে নারীর মরদেহ উদ্ধার
ডেস্ক রিপোর্ট : ঢাকার ধামরাইয়ে বংশী নদী থেকে ছাহেরা খাতুন (৫০) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহটির গলায় কলসি এবং চোখমুখ বাঁধা ছিল বলে জানিয়েছে পুলিশ।২১ আগস্ট শুক্রবার রাত ১০টার দিকে ধামরাই সদর ইউনিয়নের হাজীপুর গুচ্ছগ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া বংশী নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।নিহত ছাহেরা খাতুন হাজীপুর আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা। তিনি ধামরাই উপজেলার ভাড়ারিয়া ইউনিয়নের বাঙ্গালপাড়া গ্রামের মৃত ইসমাইল হোসেনের মেয়ে।স্থানীয়রা জানান, শুক্রবার রাতে বংশী নদীতে একটি মরদেহ ভেসে যেতে দেখে তারা পুলিশকে খবর দেন। পরে ধামরাই থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে নদী থেকে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হুদা খান বলেন, নদীতে মরদেহ ভেসে যাওয়ার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সেটি উদ্ধার করে। মরদেহটির চোখমুখ ও গলায় বাঁধা অবস্থায় কলসি পাওয়া গেছে।তিনি আরও জানান, শনিবার সকালে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য ঢাকা শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর ওই নারীর মৃত্যুর প্রকৃত কারণ এবং ঘটনাটি হত্যা নাকি অন্য কোনো কারণে মৃত্যু সে বিষয়ে বিস্তারিত জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।