অনলাইন ডেস্ক: দক্ষিণ-পূর্ব ও সংলগ্ন পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি আরও শক্তিশালী হয়ে 'সুস্পষ্ট লঘুচাপে' পরিণত হয়েছে। আবহাওয়া বিষয়ক বেসরকারি গবেষণা সংস্থা বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি) জানিয়েছে, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে এটি পূর্ণাঙ্গ ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে।
২৪ অক্টোবর শনিবার সংস্থাটির দেওয়া এক বিজ্ঞপ্তিতে এই তথ্যাদি নিশ্চিত করা হয়।
গতিপথ ও শক্তি সঞ্চয়:
বিডব্লিউওটি জানায়, আগামী তিন থেকে চার দিন সিস্টেমটি ক্রমান্বয়ে শক্তি সঞ্চয় করবে। বর্তমান পর্যবেক্ষণ অনুযায়ী, এটি পরবর্তী ৬ থেকে ১২ ঘণ্টার মধ্যে নিম্নচাপ এবং ২৪ থেকে ৩৬ ঘণ্টার মধ্যে গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। এরপর আগামী ৪৮ ঘণ্টার মধ্যে এটি পূর্ণাঙ্গ ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে।
বর্তমানে সুস্পষ্ট লঘুচাপ কেন্দ্রের ১০০ কিলোমিটার এলাকার মধ্যে বাতাসের গড় গতিবেগ ঘণ্টায় ৩৫ কিলোমিটার, যা দমকা বা ঝোড়ো হাওয়া আকারে ৪৫ কিলোমিটার পর্যন্ত বাড়ছে। ফলে মধ্য বঙ্গোপসাগর ও আশপাশের এলাকা ধীরে ধীরে উত্তাল হয়ে উঠছে।
সমুদ্রবন্দর ও জেলেদের প্রতি পরামর্শ:
যদিও আবহাওয়া দপ্তর থেকে এখনো সমুদ্রবন্দরগুলোতে কোনো আনুষ্ঠানিক সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়নি, তবে খুব শিগগিরই হুঁশিয়ারি বার্তা আসতে পারে। এ পরিস্থিতিতে সাগরে থাকা মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে উপকূল থেকে ১৫০ কিলোমিটারের বেশি গভীরে না যাওয়ার জন্য বলা হয়েছে এবং জেলেদের উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচলের পরামর্শ দেওয়া হয়েছে।
পূর্বাভাস বলছে, আগামী ২৪ থেকে ৩৬ ঘণ্টা এটি দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিকে এগোতে পারে। পরবর্তীতে দিক পরিবর্তন করে পশ্চিম দিকে মোড় নিয়ে পশ্চিম-মধ্য ও দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে পৌঁছে এটি সর্বাধিক শক্তিশালী হতে পারে। তবে এটি কতটা ভয়াবহ রূপ নেবে তা এখনই নির্দিষ্ট করে বলা যাচ্ছে না।
বাংলাদেশ ও ভারতে সম্ভাব্য প্রভাব:
স্বস্তির বিষয় হলো, এখন পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী এই সম্ভাব্য ঘূর্ণিঝড়টির বাংলাদেশে সরাসরি আঘাত হানা বা বড় ধরনের ক্ষয়ক্ষতির কোনো আশঙ্কা নেই। ধারণা করা হচ্ছে, আগামী ২৮ অক্টোবরের দিকে এটি ভারতের উত্তর অন্ধ্রপ্রদেশ অথবা দক্ষিণ ওড়িশা উপকূল দিয়ে স্থলভাগ অতিক্রম করতে পারে এবং সেখানে অতিভারী বর্ষণ ঘটাতে পারে।
তবে বাংলাদেশে সরাসরি আঘাত না করলেও এর পরোক্ষ প্রভাবে একটি বিস্তৃত ‘বৃষ্টি বলয়’ তৈরি হতে পারে। এর ফলে আগামী ২৭ বা ২৮ অক্টোবর থেকে ১ নভেম্বর পর্যন্ত সারা দেশে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে বরিশাল, খুলনা, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ ও ঢাকা বিভাগে অধিক বৃষ্টিপাত হতে পারে; অন্যদিকে চট্টগ্রাম ও সিলেট বিভাগে অপেক্ষাকৃত কম বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।
এটিভি/ আর এম
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available