ডেস্ক রিপোর্ট: আগামী ৭২ ঘণ্টার মধ্যে দেশের কয়েকটি নদীর পানি বিপৎসীমা অতিক্রম করতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড।
দেশের অভ্যন্তরে ও উজানে ভারি বৃষ্টি এবং নদীর পানি বৃদ্ধির কারণে আগামী কয়েক দিনে দেশের ১৬টি জেলায় স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।
সংস্থার দেওয়া তথ্য অনুযায়ী, আগামী ৭২ ঘণ্টার মধ্যে দেশের দক্ষিণাঞ্চল ও দক্ষিণ-পূর্বাঞ্চলের বান্দরবান, কক্সবাজার, ফেনী, চট্টগ্রাম ও খাগড়াছড়ি জেলার কিছু কিছু স্থানের নদীসংলগ্ন নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতির উদ্ভব হতে পারে। এ ছাড়া লক্ষ্মীপুর ও নোয়াখালী জেলার নদীসংলগ্ন নিম্নাঞ্চলও কোথাও কোথাও সাময়িকভাবে প্লাবিত হতে পারে।
অন্যদিকে একই সময়ে দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ, নেত্রকোনা, শেরপুর ও ময়মনসিংহ জেলার কিছু কিছু স্থানের নদীসংলগ্ন নিম্নাঞ্চলেও স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে বলেও জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।
বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের সহকারী প্রকৌশলী মোস্তফা কামাল জিহানের সই করা বিশেষ পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ৪৮ ঘণ্টায় দেশের উত্তরাঞ্চলের তিস্তা নদী বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হতে পারে। এর ফলে নীলফামারী ও লালমনিরহাট জেলার নদীসংলগ্ন নিচু এলাকাগুলোয় স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতির সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, গত ২৪ ঘণ্টায় দেশের অভ্যন্তরে চট্টগ্রাম বিভাগে অতিভারি এবং সিলেট ও বরিশাল বিভাগে ভারি থেকে অতিভারি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। একই সময়ে বাংলাদেশের উজান অংশে ভারতের মেঘালয় ও ত্রিপুরা প্রদেশেও ভারি থেকে অতিভারি বৃষ্টি লক্ষ্য করা গেছে।
বিভিন্ন আবহাওয়া সংস্থার তথ্য বিশ্লেষণ করে পূর্বাভাসে আরও বলা হয়েছে, আগামী চার দিন দেশের চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ ও রংপুর বিভাগ এবং তৎসংলগ্ন উজানে ভারতের ত্রিপুরা, আসাম, মেঘালয় ও পশ্চিমবঙ্গ প্রদেশে ভারি থেকে অতিভারি বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। এর ফলে নদীগুলোর পানির সমতল আরও বৃদ্ধি পেয়ে বন্যা পরিস্থিতির অবনতি হওয়ার আশঙ্কা রয়েছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available